লালপুরে স্কুলে তালা, শিক্ষকের বাড়িতে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার দুপক্ষের সমর্থকেরা বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে একই ঘটনার জের ধরে গত শনিবার রাতে প্রধান শিক্ষক ইসলাম হোসেন ও তাঁর স্ত্রী রুবিয়া বেগমকে পেটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত ইসলাম হোসেনের বাড়িতে হামলা চালায়। তাঁরা ইসলাম ও তাঁর স্ত্রীকে লাঠিপেটা করে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্কুলের কাগজপত্র লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ইসলাম হোসেন গত রোববার সাংবাদিকদের বলেন, ‘আমি ২০০৫ সালে বিধি মোতাবেক শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ দিই। সম্প্র্রতি নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা ওমর আলী ওই স্কুলের সভাপতির দায়িত্ব নেন। এরপর তিনি প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন।’ ইসলাম হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি প্রধান শিক্ষক পদে থাকা অবস্থায় সভাপতি তাঁর ভাই এনামুল হককে ওই পদে নিয়োগ দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে রাতে সন্ত্রাসীদের দিয়ে আমাদের পিটিয়ে আহত করেন।’ নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে তাঁরা প্রতিটি কক্ষে দুটি করে তালা দেখতে পান। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারেনি। এদিকে গত রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক ইসলাম হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা ইউএনওর কাছে স্মারকলিপি দেয়। বিদ্যালয়ের সভাপতি ওমর আলী গতকাল প্রথম আলোকে বলেন, আগের প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ ছিল। তাই নতুন করে ওই পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এনামুল হক বলেন, ‘গত রোববার বিকেলে স্কুলের সব কটি কক্ষে আমরা তালা দিয়ে বাড়ি ফিরে আসি। রাতে আবার কে বা কারা তালা ঝুলিয়ে দেয়।’ লালপুরের ইউএনও জহুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম স্কুলে তালা দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইউএনও বলেন, চিঠি দিয়ে ওই বিদ্যালয়ের সভা আহ্বান বন্ধ করা হয়েছে।