লালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
নাটোরের লালপুর উপজেলার তিলকপুরে গতকাল বৃহস্পতিবার ভ্যান ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত ও আরও দুজন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা চালকের শাস্তি ও কলেজের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করে।নিহত ছাত্রীর নাম সোনালী আক্তার (১৬)। সে লালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও উপজেলার তিলকপুর গ্রামের মানজুল সরকারের মেয়ে।জানা যায়, সকাল নয়টার দিকে সোনালী আক্তার বাড়ি থেকে ভ্যানে করে কলেজে যাচ্ছিল। লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এলে একটি হিউম্যান হলার ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানের যাত্রী সোনালী, একই কলেজের অপর ছাত্রী রিয়া ও ভ্যানচালক মুনছার আলী আহত হন। এ সময় স্থানীয় লোকজন ওই তিনজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোনালী মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সোনালীর সহপাঠীরা কলেজ থেকে মিছিল বের করে লালপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে তারা চালকের শাস্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে হরতাল আহ্বান করে।