লালপুরে হঠাৎ আলোচনায় সাংসদ ও তাঁর ভাবি
নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের বর্তমান সাংসদ মো. আবুল কালাম ও তাঁর বড় ভাই শহীদ মমতাজ উদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ শেফালী মমতাজের দ্বন্দ্ব হঠাৎ আলোচনায় চলে এসেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাবেক এই নারী সাংসদ তাঁর সমর্থকদের নিয়ে পুলিশ পরিবেষ্টিত হয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন। দলের মনোনয়ন প্রত্যাশা করে তিনি নৌকা প্রতীকে ভোট চান।
দলীয় সূত্র জানায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দিন আততায়ীর হাতে নিহত হওয়ার পর গত আওয়ামী লীগ সরকারে তাঁর স্ত্রী শেফালী নারী সাংসদ নির্বাচিত হন। এ সময় ওই আসনে মমতাজের ভাই মো. আবুল কালাম দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। বর্তমান সংসদ নির্বাচনে আবুল কালাম ও শেফালী মমতাজ উভয়েই দলীয় মনোনয়ন চান। উভয়ের কর্মী-সমর্থকেরা পরস্পরবিরোধী প্রচার প্রচারণায় অংশ নেন। শেষ পর্যন্ত দল মো. আবুল কালামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিতও হন।
অবশেষে শেফালী গতকাল আবারও জনসংযোগে নামছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। এ খবরে প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকালে জেলা সদর থেকে বিপুলসংখ্যক পুলিশ লালপুরে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে শেফালীর কর্মসূচি বন্ধের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। তবে তিনি তাতে কর্ণপাত করেননি। দুপুর ১২টার দিকে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছান। সেখানে পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা মোটরসাইকেল রেখে মিছিল নিয়ে গোপালপুর রেলস্টেশন-সংলগ্ন টেম্পোস্ট্যান্ডে জড়ো হন। সেখানে গোপালপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রুখসানা মোর্তুজার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ, শহীদ মমতাজ উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।
শেফালী বলেন, ‘আমি শহীদ মমতাজ উদ্দিনের স্ত্রী। আমি নিজেও আওয়ামী লীগের সাংসদ ছিলাম। অথচ দল ক্ষমতায় থাকাবস্থায় আমাকে পুলিশ পরিবেষ্টিত হয়ে মিছিল-মিটিং করতে হচ্ছে। এটা অন্যায়, এটা অনুচিত। আগামী সংসদ নির্বাচনে আমি এই আসন থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইব। নেত্রী আমাকে মনোনয়ন দিলে আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন।’
রুখসানা বলেন, ‘বিএনপির সময় আওয়ামী লীগ-বিএনপি দ্বন্দ্ব হয়েছে। এখন দলের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ কারণে গত পৌর নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ার পরও আওয়ামী লীগের কিছু নেতার কারণে মেয়র পদে নির্বাচন করে হারতে হয়েছে।’