লালপুরে ১৫ দিনে ১০টি মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে দুই সপ্তাহে ১০টি মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ অদ্যাবধি কোনো মোটরসাইকেল উদ্ধার বা চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি। অপ্রতিরোধ্য হারে চুরি-ছিনতাইয়ের ঘটনা অব্যাহত থাকায় লালপুরে মোটরসাইকেল আরোহীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জুলাই বেলা ১১টার দিকে লালপুর উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে গোপালপুরের ঠিকাদার জাহাঙ্গীরের টিভিএস ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি যায়। ১৪ জুলাই রাতে রায়পুর-দিলালপুর গ্রামের আব্দুস সামাদের বাড়ির প্রাচীর ভেঙে বাজাজ বক্সার ১০০ সিসি এবং একই রাতে একই কায়দায় আবদুলপুর গ্রামের মিঠুর টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। ১৮ জুলাই রাতে চংধুপইল ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের বাড়ি থেকে (প্লাটিনা ১০০ সিসি ও হিরো ডন ১০০ সিসি) দুটি, ২১ জুলাই রাতে আঙ্গারীপাড়া গ্রামের গোলাম রাব্বানির প্লাটিনা (লাল) ১০০ সিসি এবং মহিষাখোলা মহলার শাহজাহান আলীর ফ্রিডম ১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। ২২ জুলাই রাতে রহিমপুর থেকে লালপুর আসার পথে বাঘা-লালপুর সড়কের নছিরার বিল নামক স্থানে ছিনতাইকারীরা পথ রোধ করে মোটরসাইকেল আরোহী রহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তুহিন (২৮) ও লক্ষ্মীপুর গ্রামের তানজিল মণ্ডলের ছেলে হাকিমকে (৩২) মারপিট করে আহত করে টিভিএস ১০০ সিসি (লাল) মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ছাড়া ২৩ জুলাই রাতে ফুলবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমানের হিরো শাইন ১০০ সিসি ও মো. আলমের চায়না রয়েল ১০০ সিসি মোটরসাইকেল ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। গত দুই সপ্তাহে খোয়া যাওয়া ১০টির মধ্যে মাত্র একটি মোটরসাইকেল রাস্তায় ছিনতাই হয়েছে, অপর নয়টি ঘরের তালা ভেঙে অথবা প্রাচীরবেষ্টিত বাড়ির গেটের গ্রিল কেটে অথবা ভেতরে ঢুকে প্রাচীর ভেঙে গাড়ি নিয়ে চলে গেছে চোরেরা। দুঃসাহসী মোটরসাইকেল চুরির এই চোর সিন্ডিকেটের হদিস পুলিশ এখনো করতে পারেনি। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ‘এভাবে মোটরসাইকেল চুরির ঘটনা অভাবনীয়। চোর শনাক্ত করতে আমার পুলিশের নিবিড় তৎপরতা অব্যাহত রয়েছে। অচিরেই এই চোর সিন্ডিকেটকে শনাক্ত করতে পারব ইনশাল্লাহ।’