লালপুরে ৩৩ ফুট কালীমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালপুরের বুধপাড়ার ৩৩ ফুট লম্বা কালীমূর্তি। ছবি: প্রথম আলো
লালপুরের বুধপাড়ার ৩৩ ফুট লম্বা কালীমূর্তি। ছবি: প্রথম আলো

নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমাতা মন্দিরে ৩৩ ফুট লম্বা কালীমূর্তি তৈরি করা হয়েছে। আয়োজকের দাবি, এবার এ পূজার ৫২৮ বছর চলছে। দেশের কোথাও এত বড় কালীমূর্তিও নির্মাণ করা হয় না।

বুধপাড়ার প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কালীপূজা উপলক্ষে চলছে মেলা। মেলার মাঝখানে মন্দির। সেখানে কালীমূর্তি স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই মেলা আগামী বুধবার পর্যন্ত চলবে।
বুধপাড়া কালীমন্দির কমিটির সভাপতি অখিল কুমার রায় বংশী বললেন, ‘দেশের অন্য কোথাও এত বড় কালীমূর্তি নির্মাণ করা হয় না। পূজা উপলক্ষে সাত দিন মেলা চলবে। মেলায় দেশ-বিদেশের লাখো মানুষ দর্শনার্থী হয়ে আসবেন।’
দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা আসবাব, খেলনা, তৈজসপত্র, প্রসাধনীর ব্যবসায়ীরা মেলায় অংশ নিয়েছেন। দিনভর মানুষের পদচারণায় মুখর মেলা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পূজা উপলক্ষে পাঁঠা বলি দেওয়া হচ্ছে। আগে মেলা উপলক্ষে যাত্রা, সার্কাস চলত। এখন সেসব বন্ধ।
পূজার উদ্যোক্তারা জানান, তাহেরপুরের রাজা কংসনারায়ণের সময় এ পূজার চালু হয়। গতকাল ১১টি করে সকাল ও দুপুরে মোট ২২টি পাঁঠা বলি হয়। বুধবার পর্যন্ত ৩৫০টি পাঁঠা বলি দেওয়া হবে।
এ অঞ্চলের স্থানীয় মানুষের বাড়ি ভরে গেছে দূর থেকে আসা আত্মীয়স্বজনে। মেলায় ভারতের পশ্চিমবঙ্গ থেকেও অনেক লোক এসেছেন।
মেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে লালপুর থানা-পুলিশ। এ ব্যাপারে গতকাল মেলা কমিটির সঙ্গে স্থানীয় প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, পূজা কমিটির উপদেষ্টা শতদল পাল, সহসভাপতি নিরঞ্জন সরকার প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথম মেলায় সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।