লালপুরে 'মাচাপার্টি' সন্ত্রাস, পুড়ছে বসতি, যাচ্ছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে ছেলে সাখাওয়াতের লাশ নিয়ে এসেছে পড়শিরা। মা সালেহা বেওয়া কেমন করে সইবেন পুত্র হারানোর শোক? গত বুধবার নাটোরের লালপুরে আওয়ামী লীগের কর্মী সাখাওয়াতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল তোলা ছবি  প্রথম আলো
বাড়িতে ছেলে সাখাওয়াতের লাশ নিয়ে এসেছে পড়শিরা। মা সালেহা বেওয়া কেমন করে সইবেন পুত্র হারানোর শোক? গত বুধবার নাটোরের লালপুরে আওয়ামী লীগের কর্মী সাখাওয়াতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল তোলা ছবি প্রথম আলো

বেলা ডুবুডুবু। নাটোর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে লালপুর উপজেলার দিলালপুর গ্রামে এসেছি আমরা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেশ কিছু লোক দাঁড়িয়ে। মুখ গম্ভীর। তাঁরা অপেক্ষা করছেন জানাজার জন্য।
বিদ্যালয়ের অদূরেই নিহত সাখাওয়াত হোসেনের বাড়ি। কান্নার রোল উঠেছে সেখানে। গ্রামের নারী-পুরুষ দলে দলে আসছেন শেষ দেখা দেখতে। গত বৃহস্পতিবার ময়নাতদন্তের পর বিকেলে বাড়িতে লাশ এসেছে।
লাশ দেখে ফিরে যাওয়ার পথে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বললেন, ‘যেভাবে মেরেছে, এভাবে কেউ মানুষ মারে না।’ তিনি জানালেন, কবজি থেকে দুই হাত কাটা। দুই পায়ের রগ কাটা। উপড়ে ফেলা দুই চোখ। মাথার এক পাশ চাপাতির কোপে ফাঁক হয়ে গেছে। এরপর হাতুড়ি দিয়ে মুখ এমন করে থেঁতলে দেওয়া হয়েছে যে মুখ বলে কিছু চেনা যায় না।
সাখাওয়াতের মা কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন। তাঁর স্ত্রীরও একই অবস্থা। ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন এক আত্মীয়া। বাবার বীভৎস চেহারা মেয়েকে দেখতে দেওয়া হয়নি। তাঁদের কারও সঙ্গেই তখন কথা বলার মতো অবস্থা ছিল না। বাদ আসর জানাজা হলো।
সাখাওয়াত হোসেন থানা আওয়ামী লীগের কর্মী। গত বুধবার দুপুরে তাঁকে লালপুরের রায়পুর এলাকায় ‘মাচাপার্টি’র লোকেরা চাপাতি, হাঁসুয়া, হাতুড়ি দিয়ে কুপিয়ে, পিটিয়ে হত্যা করে। এ নিয়ে সাম্প্রতিক সহিংসতায় নাটোর সদরে ছাত্রদলের নেতা সাইফুজ্জামান সুজন, লালপুরে আওয়ামী লীগের খাইরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন খুন হলেন। আহত হয়েছেন প্রায় ১০০ লোক।
এর মধ্যে লালপুরেই সহিংসতা ঘটেছে বেশি। সেখানে ‘মাচাপার্টি’ বলে বিএনপি-শিবিরের একটি সন্ত্রাসী দল সহিংসতা ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে এলাকায় গিয়ে জানা গেল। গতকাল শুক্রবারও নাটোর সদরে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সখাওয়াত হোসেন ও ছাত্রলীগের কর্মী গোপালপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন বাজার থেকে মিষ্টি কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের ওপর হামলা হয়। জাকির পেছনে বসা ছিলেন। তাঁর কপালে হাঁসুয়ার একটি কোপ পড়ে। তিনি দৌড়ে পালিয়ে বাঁচেন।
লালপুর হাসপাতালে চিকিৎসাধীন জাকির বললেন, এলাকার চক নাজিরপুর মোড়ের ‘মাচাপার্টি’ তাদের ওপরে হামলা করে। (পথের মোড়ে বাঁশের মাচান করে আড্ডা জমায়। সন্ত্রাসী কর্মকাণ্ড করে সন্ত্রাসীরা)।
লালপুরের এই গ্রামে রাজনৈতিক প্রতিহিংসার ষষ্ঠ শিকার সাখাওয়াত। সখাওয়াত ব্যবসা করেতেন। একসময় বেশ অবস্থাপন্ন ছিল তাঁদের পরিবার। এক ভাই নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য।
জানা গেল, ২০০০ সাল থেকে এই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে খুনোখুনি চলছে। এমনকি ঈদের নামাজ শেষে ঈদগাহেই বিএনপির একজন খুন হয়েছিলেন। প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগের একজনকে খুন করে বিএনপি। খুনোখুনির এই প্রক্রিয়া চলছে। ছোট-বড় মারপিট, ভাঙচুর তো লেগেই আছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চলমান ওই সন্ত্রাসে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। নাটোরে লালপুর উপজেলার পূর্ব অংশের দাঁড়পাড়া, কদিমচিলান, বেলগাছিসহ কয়েকটি গ্রাম ‘জামায়াতের ঘাঁটি’ হিসেবে পরিচিত। বিশেষ করে গত অক্টোবর থেকে এসব গ্রামে পরিস্থিতি উত্তপ্ত।
সাঈদীর রায়ের পর জামায়াত-শিবিরের কর্মীরা লালপুরের কদিমচিলান গ্রামে ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা ওই গ্রামের পুকুরপাড়ায় আওয়ামী লীগের নেতা মজনু প্রামাণিকের বাড়িতে হামলা করে আগুন জ্বালিয়ে দেন। তাঁর ভাতিজা খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। মজনু প্রামাণিকের দোনলা বন্দুকটি নিয়ে যান তাঁরা। পুরো বাড়ি ভস্মীভূত হয়। সেদিন ওই গ্রামের আটটি বাড়িতে অগ্নিসংযোগের ঘাটনা ঘটে।
ওই দিনই সন্ত্রাসীরা গ্রামে টহল দিতে আসা পুলিশের গাড়িতে হামলা করে দুটি রাইফেল ও ৫৪টি গুলি ছিনিয়ে নেয়। আগুন দেয় পুলিশের গাড়িসহ দুটি ট্রাকে। কুপিয়ে তিন পুলিশকে গুরুতর আহত করে। সড়ক অবরোধ করে গাছ কেটে।
লালপুরে গত দুই মাসে বেশ কয়েক দফায় পুলিশের ওপর হামলা করেন জামায়াত-শিবির-বিএনপির কর্মীরা। মার্চের ২ তারিখে তাঁরা দুড়দুরিয়া ইউনিয়নে একটি স্কুলের শহীদ মিনার ভেঙে দেন। ১৯ মার্চ গৌরীপুরে ঢাকা থেকে ঈশ্বরদীগামী যাত্রীবাহী বাসে হামলা করেন। যাত্রীদের মালামাল লুট করেন। ২৭ মার্চ উপজেলা পরিষদের সামনে বোমা-ককটেলের হামলা করে সন্ত্রাস ও লুটপাট চালান তাঁরা। দিলালপুরে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শেফালী মমতাজের এপিএস জামিউল ইসলামর ওপর হামলা চালান বিএনপির কর্মীরা।
নভেম্বর মাস পুরোটাই লালপুর ছিল সংঘর্ষ-সন্ত্রাসে আতঙ্কিত। রেললাইন উপড়ে ফেলা, শত শত গাছ কেটে রাজপথে প্রতিবন্ধকতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রায় নিয়মিতই ঘটেছে।
এর মধ্যে দাইরপাড়া, কদিমচিলান, কনেয়বাজার ও রাজপুরের মধ্যবর্তী নাটোর-পাবনা সড়কের প্রায় আট কিলোমিটার এলাকা ছিল জমায়াত-শিবির ও বিএনপির কর্মীদের দখলে। তাঁরা নিয়মিত এখানে যাত্রীবাহী বাস, ট্রাক এমনকি ভটভটিগুলোতেও হামলা চালিয়েছেন। পুড়িয়ে দিয়েছেন দুটি মোটরসাইকেল।
গাড়ি ভাঙচুরের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ২৪ ও ২৫ নভেম্বর। ওই দুই দিনে তাঁরা এখানে ১১টি যাত্রীবাহী গাড়িতে হামলা করে ভাঙচুর চালান এবং যাত্রীদের মালামাল লুট করেন। ডিসেম্বরেও প্রায় নিয়মিতই হামলা হয়েছে।
কাদের মোল্লার ফাঁসির পর টানা তিন দিন বিলবাড়িয়া গ্রামে ব্যাপক সন্ত্রাস চালায় জামায়াত-শিবির। বহু ঘরবড়ি ও দোকান ভেঙে দেয় তারা। লুট করে আটটি দোকানের মালামাল। একটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে। গুরুতর আহত হন অন্তত ১০ জন।
এ ছাড়া গত দুই মাসে নাটোর-ঢাকা, নাটোর-পাবনা, নাটোর-রাজাশাহী ও নাটোর-বগুড়া—এই চারটি প্রধান মহাসড়কের পাশের দুই শতাধিক বড় বড় গাছ কেটে ফেলেন বিএনপি-জামায়াতের লোকেরা। সর্বশেষ ২৪ ডিসেম্বর বিএনপির কর্মীদের হাতে খুন হলেন সাখাওয়াত হোসেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রাহমান বললেন, দায়েরপাড়া, কদিমচিলান এলাকাটির অবস্থান এমন যে, এর তিন দিকে বড়াইগ্রাম উপজেলা, মাঝে নাটোর-পবনা সড়ক দিয়ে বিভক্ত। অনেকটা ছিটমহলের মতো। থানা সদর থেকে দূরত্বও প্রায় ৩০ কিলোমিটার। ফলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে। আশপাশ এলাকা থেকে অপরধীরা সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে। কদিমচিলান থেকে এসেই তারা হামলাগুলো চালায়।
ওসি বলেছেন, সাখাওয়াত হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে যতটুক, তার চেয়ে বেশি গ্রামের দুটি পক্ষের প্রতিশোধপরায়ণতা থেকে। সেখানে এ পর্যন্ত ছয়টি খুন হলো। আসামি গেপ্তার করা হয়। পরে তারা জামিন নিয়ে বেরিয়ে এসে আবার এক পক্ষ অন্য পক্ষের লোককে খুন করে। একটি ঘটনারও বিচার হয়নি। ফলে তারা বেপরোয়া হয়ে উঠেছে। এবারও আসামিদের ধরা হবে।