লালপুরের সেই কলেজে এখনো তালা ঝুলছে
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া কলেজের বিভিন্ন কক্ষে ঝুলিয়ে দেওয়া তালা গতকাল শনিবারও (পঞ্চম দিন) খোলা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশ উপেক্ষা করে কলেজ বন্ধ রাখা হয়েছে। যুবলীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে গত মঙ্গলবার কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ আবু তালহা লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন ওরফে টিটুকে বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার বিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকেরা কলেজে গিয়ে বিলমাড়িয়া ইউনিয়নের একজনকে ওই কমিটির সভাপতি করার দাবিতে কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘লালপুরে কলেজে তালা ঝুলিয়ে দিলেন যুবলীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।ইউএনও জহিরুল ইসলাম জানান, তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে গতকাল কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফায়েল হোসেন জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।