লালবাগ ও ডেমরায় দগ্ধ দুজনের মৃত্যু
পুরান ঢাকার লালবাগের মিষ্টির দোকানে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে গতকাল সোমবার রাতে আবুল বাশার (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বিস্ফোরণে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়েছিল। এর আগে গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চান মিয়া। গত বুধবার সকালে ডেমরার মাতুয়াইলের মমিনবাগের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকেলে লালবাগ কেল্লাসংলগ্ন মিঠাই নামের একটি মিষ্টির দোকানে বিস্ফোরণ ঘটে। এ সময় আবুল বাশার রিকশা চালিয়ে দোকানটির সামনে দিয়ে যাচ্ছিলেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এই বিস্ফোরণে দগ্ধ লোকজনের মধ্যে সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮) ও সুনামউদ্দিন (৫০) এখনো চিকিৎসাধীন।
এদিকে গত বুধবার ডেমরার রেস্তোরাঁর আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিনই চলে যান। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ফারুক হোসেন মারা গেছেন।