লালবাগ কেল্লা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশের তিন বছর পর রাজধানীর লালবাগ কেল্লার পশ্চিম পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে কেল্লার পাশের একটি তিনতলা ভবন ভাঙার কাজ শুরু হয়।

জেলা প্রশাসন, ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) ও লালবাগ থানা পুলিশ এ উচ্ছেদ অভিযানে সহায়তা করছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এই ভবনের স্থানীয় লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। উচ্ছেদের আগে তাঁদের বিষয়টি জানানো হয়, ফলে আগেই তাঁরা ভবন ছেড়ে চলে গেছেন।

এর আগে গত ৩০ মার্চ একবার এই উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে যেতে হয়েছিল উচ্ছেদকারী দলকে। আজ ভবনটি ভাঙার কাজ শেষে সেখানে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হবে।

২০১০ সালের ১০ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লালবাগ কেল্লার সুরক্ষার জন্য কিছু নির্দেশনা দেন। তাঁদের দেওয়া নির্দেশনার মধ্যে ছিল তিন মাসের মধ্যে লালবাগ কেল্লার
মূল সীমানা চিহ্নিত করা; সীমানার ভেতরের সব ব্যক্তিগত স্থাপনা ভাঙা; শুরুতে সীমানাপ্রাচীর যেভাবে ছিল, সেভাবে তৈরি করা; কেল্লার চারপাশের সব স্থাপনার ক্ষেত্রে প্রত্নতত্ত্ব আইন ১৯৭৮ ও নির্মাণ বিধিমালা ২০০৮-এর বিধান অনুসরণ করা; কেল্লার চারদিকে ২৫০ মিটার রেডিয়াস (বৃত্তাকার) সীমানার মধ্যে ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকর করা; সীমানাপ্রাচীরের চারদিকে হাঁটার জন্য ৫ মিটার প্রশস্ত পথ তৈরি করা এবং এর জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে হবে।

হাইকোর্টের ওই রায়ের পর ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ লালবাগ কেল্লার ঐতিহ্য রক্ষায় জনস্বার্থে একটি রিট করেন।


এই রিটের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২৬ অক্টোবর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত সব ব্যক্তিগত স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) ও প্রত্নতত্ত্ব বিভাগকে নির্দেশ পালন করতে বলা হয়। হাইকোর্টের ওই নির্দেশনায় কেল্লার সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতেও বলা হয়।

হাইকোর্টের এ নির্দেশনা পালন না করায় গত ১৪ মার্চ সংস্কৃতিসচিব, প্রত্নতত্ত্বের ডিজি ও কাস্টডিয়ান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার ডিসি, রাজউকের চেয়ারম্যান ও লালবাগ থানার ওসিকে আদালত অবমাননার একটি লিগ্যাল নোটিশ দেয় এইচআরপিবি। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ প্রত্নতত্ত্ব বিভাগ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাব নিয়ে লালবাগ কেল্লার সীমানার ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যায়। কিন্তু বাধার মুখে ফিরে আসতে হয় তাঁদের।

এদিকে লালবাগ কেল্লার জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় গত ১৩ এপ্রিল সংস্কৃতিসচিব ও প্রত্নতত্ত্ব বিভাগের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেন। রুলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের দোষী সাব্যস্ত করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়।