লালবাগ কেল্লায় গাড়ি রাখার স্থান তৈরি বন্ধের দাবি পরিবেশবাদীদের

প্রত্নতাত্ত্বিক মোগল স্থাপত্য লালবাগ কেল্লার দেয়াল ভেঙে ভেতরে গাড়ি রাখার স্থান তৈরির প্রতিবাদে গতকাল শনিবার কেল্লার সামনে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ ১৬টি সংগঠন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ কাজ বন্ধ করে লালবাগ কেল্লা আগের আদলে ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘লালবাগ কেল্লা অবৈধ দখলের খপ্পরে পড়েছে। কেল্লার দেয়াল ভেঙে ভেতরে গাড়ি রাখার স্থান তৈরি করা হচ্ছে, যা প্রত্ন আইনের পরিপন্থী। দেশের প্রত্নতত্ত্ব সংরক্ষণে সরকারের আর্থিক দৈন্যের অজুহাত থাকলেও লালবাগ কেল্লার মতো স্থাপত্য ধ্বংসে খুব সহজেই টাকা বরাদ্দ মিলেছে। আমাদের ঐতিহ্যের ধারক লালবাগ কেল্লার দেয়াল পুনর্নির্মাণ ও কেল্লার ভেতরের নির্মাণকাজ অনতিবিলম্বে বন্ধ করে আগের আদলে ফিরিয়ে আনতে হবে।’
বক্তারা বলেন, বিদেশি পর্যটকদের গাড়ি রাখার স্থানের কথা বলে কর্তৃপক্ষ একটি বিশেষ গোষ্ঠীর ব্যবসায়ী স্বার্থ রক্ষা করছে। অথচ বিদেশি পর্যটকেরা অধিক ঐতিহ্যসচেতন। তাঁরা দূর পথও হেঁটে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত থাকে। সারা দুনিয়ায় যেখানে প্রত্নতত্ত্ব সম্পদ সংরক্ষণে মূল নকশাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেখানে লালবাগের কেল্লার ভেতরে অবকাঠামো নির্মাণ করে মূল নকশার পরিবর্তন ঘটানো হচ্ছে। গাড়ি রাখার স্থান তৈরি করলে গাড়ির শব্দ ও ধোঁয়ার দূষণে প্রত্ননিদর্শনের বরং ক্ষতিই বয়ে আনবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও সমন্বয়কারী আতিক মোরশেদের সঞ্চালনায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হোসেন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেয়া পারভীন প্রমুখ।