লালবাগ কেল্লার ভেতরে অবৈধ তিন ভবনের একটি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মোগল স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লার পশ্চিম পাশের সীমানার ভেতরে বিষফোঁড়ার মতো দখল করে ছিল পাশাপাশি তিনটি ভবন৷ কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করেও উচ্ছেদ করতে পারেনি৷ একটা সময় আদালতে গড়ায় বিষয়টি৷ হাইকোর্ট নির্দেশও দেন কেল্লার ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদের৷ পাল্টাপাল্টি আইনি প্রক্রিয়া চলে৷ অবশেষে হাইকোর্টের নির্দেশের তিন বছর পর রাজধানীর লালবাগ কেল্লার পশ্চিম পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়৷ গতকাল বুধবার সকাল থেকেই কেল্লার পাশের একটি তিনতলা ভবন ভাঙার কাজ শুরু হয়৷ জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও লালবাগ থানার পুলিশ দিনব্যাপী এই অভিযানে সহায়তা করে৷
সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে৷ এই ভবনে স্থানীয় লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল৷ উচ্ছেদের আগে তাঁদের বিষয়টি জানানো হয়, ফলে আগেই তাঁরা ভবন ছেড়ে চলে গেছেন৷ অবৈধ ভবনটি ভাঙার কাজ পুরোপুরি শেষ করে সেখানে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হবে৷
জানা গেছে, এর আগে গত ৩০ মার্চ একবার এই উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে যেতে হয়েছিল উচ্ছেদকারী দলকে৷ লালবাগ কেল্লার জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় গত ১৩ এপ্রিল সংস্কৃতিসচিব ও প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট৷ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেন৷ রুলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের দোষী সাব্যস্ত করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়৷ এরপর গতকাল ভবনটি উচ্ছেদের কার্যক্রম শুরু হয়৷
ভবনটি উচ্ছেদের সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, লালবাগ কেল্লা ও জাদুঘরের কাস্টডিয়ান সুলতানা জাকিয়া, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান প্রমুখ৷
ওসি নুরুল মোত্তাকিন জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশের ৮০ জনেরও বেশিসংখ্যক সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় পশ্চিম পাশের সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়৷ একই স্থানে পাশাপাশি থাকা অন্য দুটি ভবনের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব মনজুরুর রহমান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন৷ এ বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক কাজ করব আমরা৷
প্রসঙ্গত, মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম বাংলার সুবাদার হয়ে আসার পর লালবাগে পিতার নামানুসারে ‘কেল্লা আওরাঙ্গাবাদ’ নামের একটি দুর্গ নির্মাণের কাজ শুরু করেন৷ মাত্র দেড় বছরের মাথায় তিনি এখান থেকে চলে যান৷ তাঁর স্থলাভিষিক্ত হয়ে শায়েস্তা খান দ্বিতীয়বার বাংলার সুবাদার হয়ে আসেন৷ শায়েস্তা খানও অসমাপ্ত দুর্গটির নির্মাণকাজ শেষ করেননি৷ তবে তিনি এখানে তাঁর কন্যা পরিবিবির কবরের ওপরে একটি দৃষ্টিনন্দন মোগল স্থাপত্য রীতির সমাধিসৌধ নির্মাণ করেন৷
১৯৭২ সালে লালবাগ দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে আনা হয়৷