লালবাগ কেল্লার সীমানা জরিপসহ হাইকোর্টের পাঁচ নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে ঢাকার লালবাগ কেল্লার সম্পত্তি ও সীমানার জরিপ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের তত্ত্বাবধানে এই জরিপ করতে বলা হয়েছে। আর জরিপের পর কেল্লার ভেতরে থাকা ব্যক্তিগত স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে পাঁচ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। একইসঙ্গে কেল্লাটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর প্রকৃত অবস্থানও (পরিবিবির মাজার, চারপাশের দেয়াল ইত্যাদি) যেভাবে আছে, সেভাবে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া কেল্লার আশপাশে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ ও ‘অ্যান্টিকস অ্যাক্ট (প্রাচীন নিদর্শন) ১৯৬৮’-এর বিধান অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনগত পদ্ধতি অনুসরণ করে কেল্লার চারপাশের সীমানায় পাঁচ মিটার প্রশস্ত হাঁটার পথ নির্মাণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।জানা গেছে, কেল্লার ভেতর নিজস্ব সম্পত্তি দাবি করে জনৈক আবুল হাসেম স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। জনস্বার্থ বিবেচনায় ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এই মামলায় পক্ষভুক্ত হয়ে কেল্লার সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার নির্দেশনা চায়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী, এইচআরপিবির পক্ষে মনজিল মোরসেদ এবং রিট আবেদনকারীর পক্ষে শামছুল হক ও জাফর সাদিক মামলা পরিচালনা করেন।