লালবাগ কেল্লাসহ ঐতিহ্য সংরক্ষণে মহাপরিচালকের আন্তরিক হওয়ার আশ্বাস
হাইকোর্টের নির্দেশনা মেনে লালবাগ কেল্লাসহ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন আন্তরিক হওয়ার আশ্বাস দিয়েছেন।
আজ মঙ্গলবার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি দল আলতাফ হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁকে দলের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশনা মেনে লালবাগ কেল্লার সংরক্ষণ বিষয়ক সুপারিশমালা সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। পবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাপরিচালক লালবাগ কেল্লার দেয়াল এক সপ্তাহের মধ্যে তুলে দেওয়াসহ অন্যান্য নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। শুধু লালবাগ কেল্লা নয় সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের যথাযথ সংরক্ষণেও আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন, পবার ঐতিহ্য সংরক্ষণ দলের সদস্যসচিব স্থপতি সাজ্জাদুর রশিদ, পবার সহ-সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।