লালবাগ কেল্লায় বিশেষ তথ্যচিত্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আলো ও শব্দ দিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধন করা হচ্ছে আজ শুক্রবার সন্ধ্যায়। পুরান ঢাকায় অবস্থিত ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই তথ্যচিত্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বর্ণিল এবং চমকপ্রদ আলোকরশ্মি ও শব্দের সংমিশ্রণে দর্শক ফিরে যাবেন লালবাগের ইতিহাস ও ঐতিহ্যের সেই সোনালি সময়ে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আজ উদ্বোধনের পর আগামীকাল শনিবার থেকেই তথ্যচিত্রটি জনসাধারণের উপভোগ করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যার পর। ৩০ মিনিটের এই তথ্যচিত্রটি প্রতি এক ঘণ্টা পর পর হবে। এক দিনে শো হবে তিনটি। এজন্য প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। সার্কভুক্ত দেশের জন্য ১০০ টাকা এবং অন্য দেশগুলোর জন্য ২০০ টাকা। ৫০০ জন দর্শক একই সঙ্গে তথ্যচিত্র উপভোগ করতে পারবেন।
‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র ধারা বর্ণনার পাণ্ডুলিপি তৈরি করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ধারা বর্ণনায় কণ্ঠ দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং শিল্পী শিমুল ইউসুফ।
সংস্কৃতি মন্ত্রণালয়ভুক্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালিত লালবাগ কেল্লার সংস্কার-সংরক্ষণ ও লাইট অ্যান্ড সাউন্ড শো চালুকরণ এবং মহাস্থানগড় ও তদসংলগ্ন প্রাচীন কীর্তির সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ঐতিহাসিক মোগল স্থাপনা লালবাগ কেল্লার লাইট অ্যান্ড সাউন্ড শো কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এক সম্মেলনে জানান, ৩০ মিনিট দৈর্ঘ্যের লাইট অ্যান্ড সাউন্ড শো কার্যক্রম সম্পাদনে ব্যয় হয়েছে দুই কোটি ৮৩ লাখ টাকা।