লালবাগে ফুটপাতের দোকানের ছাউনি উচ্ছেদ

পুরান ঢাকার লালবাগের রাজ নারায়ণ ধর সড়কে অবৈধ ২০-২৫টি দোকান ও শতাধিক দোকানের ছাউনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়কের ওপর মালামাল রাখায় দুই দোকানিকে জরিমানাও করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার থেকে দেড়টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ৫২ নম্বর রাজনারায়ন ধর সড়ক এলাকা থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। এ সময় সড়কের দুপাশে থাকা ২০ থেকে ২৫টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া সড়কের ফুটপাতের ওপর থাকা ৫২ নম্বর রাজ নারায়ণ ধর সড়ক থেকে কেল্লার মোড় পর্যন্ত শতাধিক দোকানের ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও লালবাগ থানা-পুলিশ সহযোগিতা করে।
খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, অভিযানের সময় সড়কে দোকানের মালামাল রাখায় দুই দোকানিকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলবে।