লালবাগে বিস্ফোরণ, দগ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লালবাগে একটি মিষ্টির দোকানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের দোকানপাট ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো
পুরান ঢাকার লালবাগে একটি মিষ্টির দোকানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের দোকানপাট ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তোলা ছবি l প্রথম আলো

পুরান ঢাকার লালবাগের একটি মিষ্টির দোকানে গতকাল শনিবার বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, লালবাগ কেল্লাসংলগ্ন ‘মিঠাই’ নামের ওই মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের বিস্ফোরক ইউনিট কারণ অনুসন্ধানে কাজ করছিল। বিকেল চারটার দিকে বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮), সুনামউদ্দিন (৫০), হজরত আলী (৪৫), আবুল বাশার (৪৫) ও আবদুল্লাহ (৩০)। আবদুল্লাহর শরীরের ৮০ শতাংশ, সবুজের ২৩ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, মকবুলের ১৮ শতাংশ, সাব্বিরের ১৫ শতাংশ, সুনামউদ্দিনের ১৮ শতাংশ ও ফারজানার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আবদুল্লাহর অবস্থা গুরুতর। কিন্তু কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শ্বাসনালি পুড়ে গেছে কয়েকজনের। তাঁরা সবাই ঝুঁকিতে আছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দগ্ধ ব্যক্তিদের আত্মীয়স্বজনকে কাঁদতে দেখা যায়। ফারহানার বাবা আবদুর রব উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন। তাঁর মেয়ে বোনের বাড়ি থেকে ফেরার সময় বিস্ফোরণে দগ্ধ হন।
দগ্ধ মারুফ ও সবুজ ওই দোকানের কর্মচারী। আবদুল্লাহ ও সুনামউদ্দিন রিকশাচালক এবং বাকিরা পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া একটি রিকশা দেখা যায়। গুরুতর আহত আবদুল্লাহ ওই রিকশা চালিয়ে দোকানটির সামনে দিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণে দোকানের দরজা, মিষ্টি রাখার তাক উড়ে গেছে। রাস্তাজুড়ে কাচের টুকরা। আশপাশের বাড়িতে বিদ্যুৎ–সংযোগ ছিল না। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ, গোয়েন্দা বিভাগ, র্যা ব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার ইব্রাহীম খান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা এখানে আসি। অনেকে বলছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। আমরা এখনো নিশ্চিত নই। আমাদের বিস্ফোরক দল ও ফায়ার সার্ভিস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।’
ঘটনাস্থলে উপস্থিত ইসলামপুরের বাসিন্দা মো. ইসমাইল বলেন, একটা কাজে লালবাগ এসেছিলেন। হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। যে দোকানে বিস্ফোরণ ঘটেছে তার উল্টো দিকে প্রায় ১০ ফুট দূরত্বে অন্যান্য দোকানপাট। ওখানে একটি ব্যাংকের এটিএম বুথ আছে। দুর্ঘটনায় বুথে থাকা এক নারী গুরুতর আহত হন। একজন রিকশাচালক আর ওই নারীকে লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাঁর ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস চার সদস্যের একটি দল গঠন করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) এ কে এম শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার ধরন দেখে মনে হচ্ছে গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।