লালবাগে ভবনে ফাটল, হেলেও পড়েছে কিছুটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগ থানার জগন্নাথ সাহা রোডের  ওই চারতলা বাড়িতে এক মাস আগেই ফাটল দেখা দেয় l প্রথম আলো
লালবাগ থানার জগন্নাথ সাহা রোডের ওই চারতলা বাড়িতে এক মাস আগেই ফাটল দেখা দেয় l প্রথম আলো

লালবাগ এলাকার একটি চারতলা বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাড়িটি কিছুটা হেলেও পড়েছে। এলাকাবাসী বলছেন, বাড়িটি ভেঙে ফেলা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এক মাস আগে এ ফাটল দেখা দেয়।
লালবাগ থানার জগন্নাথ সাহা রোডের ফাটল ধরা ওই চারতলা বাড়ির হোল্ডিং নম্বর ৮৯/২-এ। বাড়ির মালিকের নাম আবদুর রহিম। ১ নভেম্বর বাড়ির মালিক বাসা ছেড়েছেন। তবে বাড়িটির নিচে একটি স্টেশনারি দোকান খোলা আছে।
দোকানের মালিক জাকির প্রথম আলোকে বলেন, এক মাসে আগে ওই বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাড়িটির নিচ থেকে ওপর পর্যন্ত ওই ফাটল রয়েছে। বাড়ির মালিক কোথায় গেছেন, তা তিনি জানেন না।
সরেজমিনে দেখা গেছে, বাড়িটির নিচ থেকে ওপর পর্যন্ত দুই ইঞ্চি ফাটল রয়েছে। পেছনের অংশেরও একই অবস্থা। বাড়িটি পেছনের বাড়িওয়ালা মো. ওয়াহিদ বললেন, ফাটল ধরা বাড়িটির পূর্ব পাশে দোতলা একটি বাড়ি ছিল। সেই বাড়ি ভেঙে ফেলার সময় এই বাড়িতে ফাটল দেখা দেয়।
ফাটল ধরার পর বাড়িটি পরিদর্শন করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বাড়িটিতে বড় ধরনের ফাটল ধরেছে। হেলেও পড়েছে। বাড়িটি ভেঙে না ফেলা হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
বাড়িটি হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে একধরনের আতঙ্ক রয়েছে। বিশেষ করে বাড়িটির পেছনের বাড়িওয়ালা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁর বাড়ির দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। ডালিয়া নামের এক নারী বলেন, তাঁর বাড়ির দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। ছোট ছেলেমেয়েরা ভয় পাছে।
বাড়িটি হেলে পড়ার খবর পাওয়ার পর লালবাগ থানা কর্তৃপক্ষ বাড়ি খালি করতে বলেছে। সেই মোতাবেক ১৫ দিন আগে বাড়ির সব ভাড়াটে অন্যত্র চলে গেছেন। এমনকি বাড়ির আশপাশের বাড়িওয়ালাদের সতর্ক করে দিয়েছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, বাড়িটি হেলে পড়ার খবর পাওয়ার পরপরই ওই বাড়ি খালি করতে বলা হয়েছে। এখন ওই বাড়িতে আর কেউ বসবাস করে না। আশপাশের বাড়িওয়ালাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
হেলে পড়া ভবনটি নিয়ে চিন্তিত কাউন্সিলর দেলোয়ার বললেন, বাড়ির মালিক রবিনকে তিনি এক সপ্তাহ সময় দিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন পর্যন্ত তিনি (রবিন) কিছুই জানাননি। দু-এক দিনের মধ্যেই হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন।
ফাটল ধরা ভবনটির ব্যাপারে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (ডেভেলপমেন্ট কন্ট্রোল-২) শেখ জাহিদ হাসান ফারুক প্রথম আলোকে বলেন, ভবনটিতে ফাটল ধরার বিষয়টি তাঁদের জানা ছিল না। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।