লালবাগে শতাধিক দোকানের ছাউনি উচ্ছেদ
পুরান ঢাকার লালবাগের রাজনারায়ণ ধর সড়কের শতাধিক দোকানের ছাউনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় সড়কের ওপর মালামাল রাখায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৫২ নম্বর রাজনারায়ণ ধর সড়ক এলাকা থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় সড়কের দুপাশে থাকা ২০ থেকে ২৫টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া সড়কের ফুটপাতের ওপর থাকা ৫২ নম্বর রাজনারায়ণ ধর সড়ক থেকে লালবাগ কেল্লার মোড় পর্যন্ত শতাধিক দোকানের ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
খান মো. নাজমুস শোয়েব পবলেন, অভিযানের সময় দোকানের মালামাল সড়কে রাখায় দুই দোকানিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলবে।