লালবাগে সাত খুন: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল
রাজধানীর লালবাগের আলোচিত সাত খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন ও এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথরেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—আবদুস ছালাম ওরফে মতি ও জাহিদ হোসেন ওরফে নাটকা বাবু। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নয়জন হলেন আবদুল আলিম ওরফে শাহীন, মুন্না, কালু ওরফে কাইল্যা, দেলোয়ার হোসেন ওরফে আন্ডা, আমির হোসেন ওরফে আমিরা, মাহাতাব হোসেন, মনির পাটোয়ারী, দিল মোহাম্মদ ওরফে মতি ও মোজাম্মেল। তাঁদের মধ্যে প্রথম পাঁচজন কারাগারে, পরের দুজন জামিনে ও শেষ দুজন পলাতক। আর আবদুল আজিজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি জামিনে রয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ এবং আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, খুরশীদ আলম খান ও এ এস এম শাজাহান মামলা পরিচালনা করেন।
ঘটনা
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের পরের দিন ৩১ জানুয়ারি লালবাগ এলাকায় সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত কমিশনার পদপ্রার্থী বিএনপির নেতা আবদুল আজিজ তাঁর কর্মিবাহিনী নিয়ে বিজয়ী কমিশনারের কর্মী-সমর্থকদের সমাবেশে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় বিজয়ী কমিশনার হুমায়ুন কবিরের সমর্থকেরা বিজয় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিপক্ষের হামলায় লালবাগ এলাকার দেলোয়ার, গাজী, নজরুল, আনোয়ার, হাফিজ, আজিজ ও শাহ আলম নিহত হন। ঘটনার পর তখনকার বিজয়ী কমিশনার হুমায়ুন কবির ১৯ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। তখন থেকে মামলাটি সেভেন মার্ডার হিসেবে পরিচিতি পায়।
১৯৯৪ সালের ১৪ মে ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। ওই বছরের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আসামি আবদুল মজিদ মৃত্যুবরণ করেন। আবদুল মজিদ মামলার আসামি আজিজের বাবা।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা জজ আদালত ২০০৮ সালের ৭ মে রায় দেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আট আসামিকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের রায়ের পর পলাতক দুই আসামি ছাড়া অপর আসামিরা আপিল করেন। ডেথরেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। চলতি মাসের শুরুতে ডেথরেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়।
প্রতিক্রিয়া
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট নিম্ন আদালতের সাজার রায় বহাল রেখেছেন। আসামিদের ডেথরেফারেন্স মঞ্জুর ও আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়। জামিনে থাকা তিনজনকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামির জরিমানা মওকুফ করা হয়েছে।
এ ঘটনায় নিহত হাফিজউদ্দিনের ভাই রিয়াজউদ্দিন আহমেদ বলেন, বেশি আত্মতৃপ্তি নেই। প্রধান আসামি আজিজের দণ্ড বাড়ানো হলে ভালো হতো।