লালবাগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা হাসানুল হক রতন ওরফে সেলিমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলটিও ছিনতাই করে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। হাসানুল ছাত্রলীগের লালবাগ থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে গণপূর্ত বিভাগের ঠিকাদার। তিন ভাইবোনের মধ্যে তিনি ছোট। বাবা মৃত করিমুল হক। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। স্ত্রী ও মাকে নিয়ে লালবাগের জগন্নাথ সাহা রোডের এক বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন বাসায় ফিরে নিজের বাসা থেকে ২০-২২ গজ দূরে একটি বাড়ির নিচতলায় মোটরসাইকেল রাখতেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল আনতে সেই বাড়িতে যান। এ সময় তিন-চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন এগিয়ে এলে অস্ত্র উঁচিয়ে সবাইকে হুমকি দেন যুবকেরা। পরে তাঁরা সবার সামনে দিয়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় হাসানুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে ঘটনাস্থলে গেলে বাড়ির মালিকদের একজন শাহীন রেজা প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে দেখেন, দা হাতে দুই যুবক হাসানুলকে মারার চেষ্টা করছেন। তাঁকে দেখে হাসানুল এগিয়ে এসে তাঁকে (শাহীন) জড়িয়ে ধরে বাঁচানোর আকুতি জানাতে থাকেন। যুবকেরা বলতে থাকেন, ‘আপনি সরে যান, ও চোর। ও খুব খারাপ কাজ করছে।’ কিন্তু তিনি সরে যাননি। শাহীন বলেন, যুবকেরা হাসানুলের মোটরসাইকেল টেনে-হিঁচড়ে বের করতে থাকেন। তখন আরও দুই যুবক সেখানে আসেন। তাঁরা চারজন মোটরাসাইকেলটি নিয়ে পশ্চিম দিকে চলে যান।হাসানুলের স্ত্রী স্থানীয় একটি স্কুলের শিক্ষক মিনা হাসান প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে হাসানুল তাঁকে বলেছিলেন, মনির নামে একজন তাঁকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেছে। তিনি বলেন, হাসানুল ও মনির বাল্যবন্ধু। এ কারণে এ নিয়ে তিনি আর কোনো প্রশ্ন করেননি। হাসানুলের আরেক বন্ধু ৬২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এক মাস আগে পলাশী এলাকায় একটি মিলাদে বসাকে কেন্দ্র করে মনিরের সঙ্গে হাসানুলের ঝগড়া হয়। এর পর থেকেই মনির তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। মিজানুর বলেন, মনির সন্ত্রাসী। সে খুন-চাঁদাবাজির সঙ্গে জড়িত। অস্ত্র মামলায় জেল খেটে এক বছর আগে জামিনে বের হয়েছে। মনিরই হাসানুলকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। জানা গেছে, মনির রাজধানীর মুগদাপাড়া এলাকায় থাকেন। তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকীন বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।