লালবাগে সাড়ে তিন হাজার সিসি ক্যামেরা
রাজধানীর লালবাগ এলাকায় গত ছয় মাসে প্রায় ৩ হাজার ৩৪০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে এলাকার বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায়।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) সমাজের একটি নিরাপত্তার প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনায় জড়িত খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদিকে সিসিটিভি না থাকায় কলাবাগান হত্যাকাণ্ডের তদন্ত করতে পুলিশের বেশি সময় লাগছে, যদিও এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশপ্রধান বলেন, দেশে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্বের কথা বলে জঙ্গিবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি গোষ্ঠী। কিন্তু এখন পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে এগুলোর সঙ্গে কোনো জঙ্গিরই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজকে বিশ্বে রোল মডেল।
ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, লালবাগে বিপুল পরিমাণ সিসি ক্যামেরা বসানোর কারণে এখন কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। জনগণ ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে পুলিশের সংখ্যা কম। সিসি ক্যামেরার সহযোগিতায় পুলিশের এই স্বল্পতার সমস্যা অনেকাংশে লাঘব হবে। অপরাধীরা সহজে অপরাধ করার সুযোগ পাবে না। তাদের মধ্যে ভীতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন, বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আকাশ, ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার ঢালী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।