লালবাগে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগে একটি রেস্তোরাঁয় আজ শনিবার আগুন লেগেছে। বিকেল পৌনে পাঁচটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮), সোনাম উদ্দিন (৫০) ও হজরত আলী (৪৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, লালবাগ চৌরাস্তা মোড়ে রেস্তোরাঁটি অবস্থিত। বিস্ফোরণের কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে ওই বিস্ফোরণ, তা এখনো জানা যায়নি। র‍্যাব ও ফায়ার সার্ভিসের তদন্তকারী ব্যক্তিরা ঘটনাস্থলে গেছেন। বিস্ফোরণের কারণ পরে জানা যাবে।

দুর্ঘটনাস্থলে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রিকশা, দোকানের দরজা, আসবাবপত্র উল্টে পড়ে আছে। পুরো রাস্তা ভাঙা কাচের টুকরোয় ভরা। এলাকা পুলিশ, র‍্যাব, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মীরা ঘিরে রেখেছেন।

পুলিশের লালবাগ জোনের এডিসি ইব্রাহীম খান প্রথম আলোকে বলেন, এখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে একটা। আট-নয়জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি। বিস্ফোরক বিশেষজ্ঞ ইউনিটকে ডাকা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি দগ্ধ ব্যক্তিদের স্বজনেরা আহাজারি করছেন। অনেকটা উদভ্রান্তের মতো ঘুরছিলেন আবদুর রব খোকা। তাঁর মেয়ে ফারজানা পান্না বোনের বাড়ি থেকে ফিরছিলেন। বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন তিনি। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আহত সবার অবস্থা গুরুতর।