লালবাগের ঈদগাহ মাঠটি খেলার অনুপযোগী

পুরো মাঠই এবড়োখেবড়ো। প্রায় তিন মাস ধরে খেলা বন্ধ। শিশু-কিশোরেরা এসে ঘুরে যাচ্ছে। রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দির-সংলগ্ন শহীদ হাজি আলীম ঈদগাহ মাঠটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী।
গতকাল বুধবার গিয়ে দেখা যায়, মাঠে বিভিন্ন স্থানে পানি জমে আছে। মাঠের ভেতরটা কাদা পানিতে একাকার। আমিনুল ইসলাম (১১) ও জুনায়েদ হোসেন (৯) সেই পানিতে ঢিল ছুড়ে খেলছিল। আমিনুল বলে, ‘আমরা এখানে ক্রিকেট খেলতাম। এখন কাদার জন্য খেলতে পারি না। মাঝে মাঝে এসে ঘুরে যাই।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন এ মাঠের দুই পাশে মাটি এনে রাখা হয়েছে। ভেতরে গাড়ির চাকার বড় বড় গর্ত। বিভিন্ন জায়গায় বাঁশ গেড়ে হাসপাতালের কাপড় শুকানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল, এসব ঢাকা মেডিকেলের কাপড়। ভেতরে একটি টং দোকান ফেলে রাখা। মাঠের বিভিন্ন স্থানে যুবকেরা আড্ডা দিচ্ছেন। দুই পাশে দুটি গোলপোস্ট বানানো আছে, তার সামনেও পানি।
পশ্চিম দিকে গেটের বাইরে একটি চায়ের দোকান। দোকানি শাজাহান মিয়া বললেন, খেলা অনেক দিন ধরে বন্ধ। এলাকার ছেলেরা এখন আসে না। মাঠের বাইরে চারপাশ ঘিরে নানা ধরনের গাড়ি রাখা ও চায়ের দোকান।
পূর্ব দিকে আছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। ক্লাবের বর্তমান তত্ত্বাবধায়ক আবদুস সালাম বললেন, প্রায় তিন মাস ধরে মাঠের এই অবস্থা। মাঠ ঠিক করার জন্য মাটি এনে রাখা হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের ক্লাব তো নানা ধরনের লীগের খেলার সঙ্গে যুক্ত। ছেলেরা প্র্যাকটিস করে থাকে। কিন্তু মাঠের এই অবস্থার কারণে সমস্যা হয়ে যাচ্ছে।’
মো. জুয়েল মাঠে নিয়মিত ফুটবল খেলতেন। স্থানীয় এই যুবক বলেন, ‘কত দিন ধরে এইভাবে পড়ে আছে। খেলতেও পারছি না। এলাকার মুরব্বিদের বলেছি, কমিশনারকেও জানাইছি। তারা শুধু তারিখ বদলায়, মাঠ আর ঠিক হয় না।’
স্থানীয় কয়েকজন বললেন, এ মাঠের সমস্যা সহজে যায় না। আগে গাড়ি রাখা হতো। তা সরানো হয়েছে। এলাকার ছেলেদের খেলার সুযোগ হয়। কিন্তু এখন আবার মাঠটি মাটি, কাদা-পানিতে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক দিন ধরে এভাবে পড়ে থাকলেও ঠিক করার উদ্যোগ নেই।
শহীদ হাজি আলীম ঈদগাহ মাঠটি ২৬ নম্বর ওয়ার্ডে। এখানকার কাউন্সিলর মো. হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাঠটির জন্য এখন ডিজাইনার নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হবে।’ তিনি আরও জানান, বৃষ্টির কারণে কাদা-পানি হয়ে গেছে। তাঁরা মাঠটিকে ভালোভাবেই সংস্কার করবেন, যাতে বারবার কাজ করতে না হয়।