লালবাগের বিস্ফোরণ গ্যাস থেকে
লালবাগের বিস্ফোরণ ঘটেছে গ্যাস থেকে। পুলিশের বিস্ফোরক ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ বিষয়ে মোটামুটি নিশ্চিত। তারা বলছে, লালবাগের ‘মিঠাই’ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। দোকানটির উদ্বোধন হয়েছিল বিস্ফোরণের ঠিক দুদিন আগে।
ওই ঘটনায় আবুল বাশার নামের এক ব্যক্তি নিহত হন। আরও ছয়জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এখন চিকিৎসাধীন আছেন।
পুলিশের লালবাগ জোনের উপকমিশনার ইব্রাহীম খান বলেন, ‘আমরা আশঙ্কা করছি চিলারের কম্প্রেসর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
দোকানের ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ও চিলারে কম্প্রেসর ছিল। বিস্ফোরণের পর মিঠাইয়ের ভেতর থেকে চিলার ছিটকে বাইরে চলে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মাসুদুর রহমান বলেন, ‘গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাসের সোর্সটা আমরা খুঁজে পাইনি।’ কেন খুঁজে পাননি জানতে চাইলে তিনি বলেন, পুলিশের বিস্ফোরক ইউনিট কারণ অনুসন্ধান করে দেখছে।
শনিবার বিস্ফোরণের পরপর ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন মাসুদুর রহমান। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারে যে এলপি গ্যাস থাকে সেটা ভারী গ্যাস। এই গ্যাস থেকে বিস্ফোরণ হলে ক্ষতি হবে নিচের দিকে। আবার গ্যাস পাইপলাইনে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই গ্যাস ওপরে গিয়ে জমা হবে। তখন বিস্ফোরণটা হবে ওপরের দিকে। মিঠাই দোকানটির ওপর ও নিচে দুদিকেই বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে বিদ্যুৎমিস্ত্রিদের ব্যবহৃত একটি ব্যাগ পাওয়া গেছে। ওই দিন দোকানটিতে বিদ্যুতের কোনো কাজ চলছিল কি না, সেটাও বিবেচনায় রাখা দরকার।
গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিঠাই দোকানটির চারপাশ পুলিশ হলুদ ফিতা দিয়ে ঘিরে রেখেছে। পাশের কাবাবের দোকানটি তিন দিন পর গতকাল বিকেলে খুলেছে। মো. ইব্রাহীম জ্ঞান হওয়ার পর থেকে লালবাগে এই কাবাব বানানোর কাজই করছেন। তাঁর সহযোগী মো. মনির।
মো. ইব্রাহীম বলছিলেন, বিস্ফোরণের সময়ও তাঁরা কাবাব বানাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শোনেন। মিঠাই থেকে চিলার, দরজা সব উড়ে রাস্তার ওপর পড়ে। উল্টো দিকের ভবনের কাচও ঝুরঝুর করে ভেঙে পড়ে। কিন্তু পাশের দোকানগুলোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গতকাল বিকেলে মিঠাইয়ের উল্টো পাশের দোকানের ডাচ্-বাংলা ব্যাংকের বুথ মেরামতের কাজ চলছিল।
এদিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীনদের অবস্থা গতকালও ছিল অপরিবর্তিত। ডাচ্–বাংলা ব্যাংক বুথে আহত ফারহানা পান্না এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
ফারহানার বাবা আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘পান্নার মাথার ভেতরে কাচ ঢুকে গেছে। ডাক্তাররা কী করবেন জানি না। তবে ওকে এখন রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। মাথায় যেন কোনো চাপ না পড়ে সে জন্যই এই ব্যবস্থা।’
ফারহানা পান্নার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। সবুজের ২০ শতাংশ, মারুফের ১৮ শতাংশ, রিকশাযাত্রী মকবুলের ১৮ শতাংশ, সাব্বিরের ১৫ শতাংশ, ৫০ বছর বয়সী রিকশাচালক সুনামউদ্দিনের ১৮ শতাংশ পুড়ে গেছে। রেস্তোরাঁর আশপাশে থাকা আবদুল্লাহ আর ফয়সাল নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। সোমবার রিকশাচালক আবুল বাশার মারা গেছেন। দুর্ঘটনার সময় তিনি মিঠাইয়ের সামনের রাস্তায় রিকশা চালাচ্ছিলেন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।