লালমনিরহাট ও গোয়ালন্দে কম্বল পেলেন শীতার্তরা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে লাল-মনিরহাট ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল বুধবার বেলা ১১টার দিকে এসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহায়তা করে প্রথম আলোর লালমনিরহাট বন্ধুসভা।
এ সময় লোকসংগীত চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন-অর-রশিদ, লালমনিরহাট বন্ধুসভার সহসভাপতি বেনজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খন্দকার, দপ্তর সম্পাদক এরশাদুল হক, নারীবিষয়ক সম্পাদক সরস্বতী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ জানুয়ারি পৌর এলাকাসহ সদর উপজেলায় ১০০ জনকে কম্বল দেওয়া হয়।
গতকাল বুধবার সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ও নদীভাঙা ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক আউয়াল টাওয়ারের সামনে এসব শীতার্ত ব্যক্তির হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার উপদেষ্টা ও গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, অধ্যাপক আউয়াল আনোয়ার, উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখর আহম্মেদ বাবু, সদস্য মো. শহিদুল ইসলাম, সাফিয়া খানম টুম্পা, ফকির মো. জাহিদ, রাকিবুল হক প্রমুখ।
কম্বল হাতে পেয়ে দৌলতদিয়া ঘাট থেকে হুইল চেয়ার নিয়ে আসা রতন মিয়া বলেন, ‘আমাগো এই পরথম আপনারাই খোঁজ-খবর নিলেন সার। আল্লাহ আপনাগো অনেক বড় করুক।’