লালমনিরহাট ও শেরপুরে কয়েক হাজার মানুষ পানিবন্দী
দেশের চারটি জায়গায় নদ-নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আজ শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রামের নিম্নাঞ্চল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে ওই সব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
চার নদীর পানি বিপত্সীমার ওপরে
বাসসে প্রকাশিত পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডালিয়ায় তিস্তার পানি বিপত্সীমার ২০ সেন্টিমিটার, কানাইঘাটে সুরমা বিপত্সীমার ৩ সেন্টিমিটার, সুনামগঞ্জে সুরমা বিপদসীমার ৪৩ সেন্টিমিটার এবং জারিয়াজাঞ্জাইলে কংশের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা শহরসংলগ্ন নদ-নদীর পানি বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৬৩টি জায়গায় পানি বেড়েছে ও ১৭টি জায়গায় পানি কমেছে। দুটি জায়গায় পানি অপরিবর্তিত রয়েছে। একটি জায়গার তথ্য পাওয়া যায়নি। চারটি জায়গায় পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শেরপুরে ১০ গ্রাম প্লাবিত
টানা বর্ষণের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, আয়নাপুর ও বগাডুবি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের কয়েক শ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া সদ্য রোপণ করা আমনের খেত পানিতে তলিয়ে গেছে।
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে পানি জমেছে। পাশাপাশি মহারশি নদীর পানি বেড়েছে। এতে বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে মহারশি নদীর পানি বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।
লালমনিরহাটে কয়েক হাজার পরিবার পানিবন্দী
জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক আলী চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে মাটির বাঁধ ভেঙে গেছে। এতে তিস্তা পাড়ের দক্ষিণ বালাপাড়া, চণ্ডিমারী ও গোবর্ধন গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার উপবিভাগীয় প্রকৌশলী ফজলুল হক খন্দকার জানান, দুপুর ১২টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপত্সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের জন্য ৩০ কেজি জিআর চাল বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।