লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গত রোববার দুপুরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নিয়মিত পাঠদান না করার প্রতিবাদে ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই কয়েক শ শিক্ষার্থী এ হামলা চালান।কারিগরি প্রশিক্ষণকেন্দ্র সূত্রে জানা গেছে, ওই প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষকেরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে আগ্রহ কমে যাওয়ায় তাঁরা নিয়মিত পাঠদান করেন না। মাসের পর মাস ধরে এ অচলাবস্থা চলে আসায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে হতাশ ও চিন্তিত হয়ে পড়েন। এ কারণে বিক্ষুব্ধ হয়ে তাঁরা রোববার দুপুরে কয়েকটি শ্রেণীকক্ষের দরজা-জানালার গ্লাস ও আসবাব ভাঙচুর করেন। এ খবর জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মোকছেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের অনুমতি পাওয়া গেলে এ ব্যাপারে থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’ সদরের ইউএনও শামীম আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের বেতন না পাওয়া যেমন একটি মানবিক সমস্যা, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার দাবিও অযৌক্তিক নয়। তবে এ জন্য নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর চালানো সমর্থনযোগ্য কাজ হতে পারে না। নাম প্রকাশ না করার শর্তে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের এক শিক্ষার্থী বলেন, ‘স্যারদের বেতন দেওয়ার দায়িত্ব রাষ্ট্র বা কর্তৃপক্ষের। যাই হোক, নিয়মিত পাঠদান করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে স্যাররা বলেন, বেতন পাই না, ক্লাস নেব কী।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কেন্দ্রের শিক্ষকেরা একটি প্রকল্পভুক্ত হওয়ায় তাঁদের বেতন নিয়মিত হয় না। তবে প্রতি ছয় মাস পর পর তাঁরা বেতন-ভাতা পান। এ নিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভ ও হতাশা রয়েছে।