লালমনিরহাটের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষক, প্রশিক্ষক ও প্রদর্শকেরা গতকাল সোমবার দুই ঘণ্টা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন। নয় মাসের বকেয়া বেতনের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।এদিকে ক্লাসের দাবিতে প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষার্থীরা আলাদাভাবে বিক্ষোভ করে। তারা অধ্যক্ষ মকসুদুল আলমকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জুবাইর হোসেন ঘটনাস্থলে গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। অধ্যক্ষ মকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় চলছে। কিন্তু গত জুন মাস থেকে বেতন-ভাতা পাওয়া যাচ্ছে না। বকেয়া বেতন-ভাতার দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বিক্ষোভ করেছেন।প্রতিষ্ঠানটির পরিদর্শক মামুন আক্তার বলেন, ‘আমরা এখানে চাকরি করছি, কিন্তু নয় মাস থেকে বেতন পাই না, নিরুপায় হয়ে ক্লাস বর্জন করেছিলাম। অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ক্লাসে ফিরে গেছি। আমরা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করতে চাই না; কিন্তু বেতন-ভাতা না পেলে পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলব?’অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জুবাইর হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে শিক্ষকেরা ক্লাসে ফিরে যান।