ধরলা নদীর অব্যাহত ভাঙনে লালমনিরহাট-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের প্রায় ৬৫০ মিটার ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এর মধ্যে চলতি মে মাসেই আড়াই শ মিটার পাকা রাস্তা নদীগর্ভে চলে গেছে৷ এর আগে গত বছর বিভিন্ন সময় একই রাস্তার আরও ৪০০ মিটার বিলীন হয়৷
গত শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর শিবেরকুঠি গ্রামে ধরলা নদীর পাড়ে সড়কটিতে ফাটল ধরে বড় বড় চাই সৃষ্টি হয়েছে৷ যেকোনো সময় চাইগুলো নদীতে ভেঙে পড়বে৷ এ সময় সেখানে উপস্থিত এলাকাবাসীর কয়েকজন দ্রুত রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান৷
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, চর শিবেরকুঠি গ্রামের ওপর দিয়ে যাওয়া এ সড়কটিকে নদীভাঙন থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথসহ (সওজ) বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন সময় আবেদন করা হয়েছে৷ মাঝেমধ্যে পাউবো কিংবা সওজের কর্মকর্তা ও কর্মচারীরা রাস্তার অবস্থা দেখতে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি৷
লালমনিরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, ‘এ সড়কটি সওজের নিয়ন্ত্রণাধীন৷ কিন্তু নদীশাসনের কাজটি পাউবোর আওতাধীন। তাই বিষয়টি উল্লেখ করে পাউবোর সংশ্লিষ্ট দপ্তরকে নদীশাসন ও তীর রক্ষাবাঁধ নির্মাণের ব্যবস্থা নিতে গত বছর চিঠি দিয়েছি। পাউবো কাজটি সম্পন্ন করার পর ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত বা পুনর্নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হবে।’
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, কুলাঘাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়কটি ভাঙনের কবল থেকে রক্ষার জন্য গত বছর জুলাই ও নভেম্বরে এবং চলতি বছরের এপ্রিল মাসে তিন দফায় সংশ্লিষ্ট বিভাগে টাকা চাওয়া হয়েছে৷ প্রাথমিক পর্যায়ের কাজের জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী পর্যন্ত আঞ্চলিক এ পাকা সড়কটি নির্মাণ করা হয়৷ এটি লালমনিরহাট সদর উপজেলার সঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের সহজ যাতায়াতের অন্যতম মাধ্যম। ওই তিন উপজেলার মানুষ প্রায় এক কিলোমিটার প্রশস্ত ধরলা নদী পার হয়ে এ পথে লালমনিরহাট আসে৷ পরে সেখান থেকে তারা সড়ক ও রেলপথে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে৷