বিশেষজ্ঞ ও চিকিৎসকের ২১ পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন
লালমনিরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসকসংকট, সেবাবঞ্চিত রোগীরা
লালমনিরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসকসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না রোগীরা। হাসপাতালটি ১০০ শয্যা হিসেবে চালু থাকলেও দীর্ঘদিন থেকে ৫০ শয্যার মঞ্জুরি করা চিকিৎসকের পদ দিয়ে পরিচালিত হয়ে আসছে। মঞ্জুরি করা চিকিৎসকের ২১টি পদের মধ্যে নয়টি পদই বর্তমানে শূন্য। এদিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ও চিকিৎসক না থাকায় গত ডিসেম্বরে এখানে চিকিৎসার জন্য আসা ৪৪ জন রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এসব পদের মধ্যে গাইনি ও মেডিকেল সিনিয়র কনসালটেন্ট, প্যাথলজি, অর্থোসার্জারি, রেডিওলজি, প্যাথলজিস্ট জুনিয়র কনসালটেন্ট ও দুজন জরুরি মেডিকেল অফিসারের পদ দীর্ঘদিনে থেকে শূন্য রয়েছে। আবার কালেভদ্রে কোনো বিশেষজ্ঞ বা চিকিৎসক এখানে যোগদান করলেও তিনি যত দ্রুত পারেন বদলি হয়ে চলে যান। জানা যায়, গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালমনিরহাট সফর সামনে রেখে এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বদলি হয়ে আসা প্যাথলজিস্ট জুনিয়র কনসালটেন্ট মমিনুল ইসলাম প্রামাণিক অক্টোবর মাসে ও দন্ত চিকিৎসক অমূল্য রতন বাড়ৈ নভেম্বর মাসে বদলি হয়ে চলে যান। এর আগে গত জুলাইয়ে গাইনি চিকিৎসক মোর্শেদা পারভীন ও প্যাথলজিস্ট আনিছুর রহমান অক্টোবরে লালমনিরহাট থেকে বদলি হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করা হার্টের রোগী লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের ফজলুল হকের (৫৫) ভাতিজা মো. নয়ন বলেন, ‘চাচার চিকিৎসার জন্য সদর হাসপাতালে গিয়েছিলাম। জরুরি বিভাগের চিকিৎসক চাচাকে পরীক্ষা-নিরীক্ষা করে তখনই রংপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন।’ তিনি আরও জানান, লালমনিরহাটে সুচিকিৎসার ব্যবস্থা থাকলে রংপুরে যেতে হতো না।জানা যায়, চিকিৎসক স্বল্পতার কারণে লালমনিরহাট সদর হাসপাতালে মোগলহাট ইউনিয়নের প্যারামেডিকস আবির বিন আক্তার, হাসপাতালের ডেন্টাল টেকনিশিয়ান কবির হোসেন ও লালমনিরহাট পৌর এলাকার সাপটানা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেজাউল করিমকে দিয়ে গত প্রায় দুই মাস থেকে জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসার কাজ করানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ চিকিৎসক জানান, বর্তমান সরকারের আমলে জেলা সদরের এ হাসপাতালটিতে নজিরবিহীন বিশেষজ্ঞ ও চিকিৎসকসংকট চলছে। তিনি আরও জানান, সারা জেলার অবস্থাও প্রায় একই। এ ব্যাপারে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তপন কুমার জানান, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসক না থাকায় রোগীদের ভালো চিকিৎসার জন্য নিজস্ব ভাড়ায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে থাকে।লালমনিরহাট জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘উত্তর অঞ্চলের বাইরে থেকে আসা চিকিৎসক বা বিশেষজ্ঞের কথা বাদ। বাইরে অবস্থানরত রংপুর অঞ্চল বা লালমনিরহাট জেলার চিকিৎসকদের নিজ জেলায় বদলি করা যেতে পারে। এতে হয়তো তাঁরা বাইরে বদলি হয়ে যাওয়ার কথা ভাবতেন না।’