লালমনিরহাট জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, লালমনিরহাট জেলা এর আগে নিরক্ষরতামুক্ত হয়েছে। এরপর শতভাগ স্যানিটেশন নিশ্চিত হয়েছে। আজ থেকে এ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। এ জেলায় আর একটিও বাল্যবিবাহ নয়।
গতকাল শুক্রবার বিকেলে হাতীবান্ধা এস এস মডেল হাইস্কুল মাঠে লালমনিরহাটকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা উপলক্ষে আয়োজিত শিশু মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান।
শফিউল আলম বলেন, ‘এই জেলায় আর কোনো বাল্যবিবাহ নয়—এ কথা শুধু মুখে নয়, আপনাদের কাজে বাস্তবায়ন করতে হবে। আপনাদের এটা ধরে রাখতে হবে। তা না হলে আপনাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।’
শিশু মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা দেবাশীষ সাহা, শিশু ফোরামের সভাপতি শিরিনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাল্যবিবাহ বন্ধে অনন্য ভূমিকা রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে বাংলাদেশ ও এশিয়ায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার পাওয়া ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে কালীগঞ্জ কে ইউ পি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহম্মেদ উপস্থিত সবাইকে বাল্যবিবাহ বন্ধে শপথবাক্য পাঠ করান। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, নিকাহ রেজিস্ট্রার, মসজিদের ইমাম, পুরোহিত ও শিক্ষার্থীসহ প্রশাসনের কর্মকর্তারা এ শপথ নেন।