লালমনিরহাট ডিসি কার্যালয়ের দুইজনকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কোর্ট ফি ব্যবহার ও ঘুষগ্রহণের অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের দুই অফিস সহকারীকে গতকাল রোববার তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের অভিযোগ, সাধারণ মানুষকে ভূমিসংক্রান্ত তথ্য দেওয়ার নামে জনপ্রতি ২০০ টাকা উৎকোচ গ্রহণ এবং আবেদনপত্রে জাল কোর্ট ফি ব্যবহার করে আসছে ডিসি কার্যালয়ের রেকর্ড শাখার একটি চক্র। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার গতকাল ওই শাখায় গিয়ে হাতেনাতে অফিস সহকারী আব্দুল আজিজ ও শহীদুল ইসলামকে ধরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিক বদলি করেন। প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ায় অফিস সহকারী আব্দুল আজিজকে পাটগ্রামে ও শহীদুল ইসলামকে হাতিবান্ধায় বদলি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।