লালমনিরহাট-বুড়িমারী পথে কমিউটার এক্সপ্রেস ট্রেন
লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে বুড়িমারীমুখী কমিউটার এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে চারটায় ট্রেনটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক ও লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, বর্তমান মহাজোট সরকার রেলওয়েকে গণপরিবহন ও যাত্রী পরিষেবার দপ্তর হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ও উপযোগী করে গড়ে তুলতে পৃথক রেলওয়ে মন্ত্রণালয় গঠন করেছে। লালমনিরহাট ও বুড়িমারীর মধ্যে ৮৪ কিলোমিটার রেলপথে সহজে ও সুলভে যাতায়াতের সুবিধার জন্য বুড়িমারী কমিউটার এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু করা হলো। প্রতিমন্ত্রী বলেন, জনগণকে টিকিট কেটে ট্রেনে চড়তে হবে এবং রেলওয়েকে এর যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে।বুড়িমারী কমিউটার এক্সপ্রেস ট্রেন প্রতিদিন বেলা দুইটা ৫০ মিনিটে লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে ছাড়বে এবং বুড়িমারী থেকে লালমনিরহাটের উদ্দেশে বিকাল পাঁচটা ৪০ মিনিটে যাত্রা করবে। প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০ টাকা।