লালমনিরহাট সদরের নয় রিলিফ কর্মকর্তার একযোগে পদত্যাগ
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিলিফ কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে উপজেলার নয়টি ইউনিয়নের রিলিফ কর্মকর্তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার সুষুম বিচার ও দায়িত্ব পালনে নিরাপত্তার দাবিতে গতকাল রোববার উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সভায় তাঁরা এ সিদ্ধান্ত নেন।সূত্র জানায়, গত শনিবার সদর গোকুন্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওই দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। তাঁরা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে কর্তব্যরত রিলিফ কর্মকর্তা আলমগীর হোসেনকে মারধর করেন।আলমগীর হোসেন বলেন, ‘আমি কোনো অন্যায় করে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা না করে ওরা আমাকে প্রকাশ্যে মারধর করে চলে গেল।’এ প্রসঙ্গে গোলাম মোস্তফা বলেন, ওই রিলিফ কর্মকর্তা আত্মসাতের উদ্দেশ্যে ৩০ বস্তা চাল ইউপি কার্যালয়ে মজুদ রাখেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাই স্থানীয় জনগণ তাঁকে আটক করে মারধর করে। পরে ওই কর্মকর্তা ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আলম বলেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রিলিফ কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।