লালমনিরহাট-সান্তাহার পথে লোকাল ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-সান্তাহার রেলপথের লোকাল ট্রেনটি আট দিন ধরে চলাচল করছে না। এ কারণে এই পথের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছে। অনেক যাত্রী বিকল্প পথে চার গুণ বেশি টাকা খরচ এবং অতিরিক্ত সময় নষ্ট করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পথে তিস্তা, কাউনিয়া, পীরগাছা, চৌধুরানী, বামনডাঙ্গা, নলডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, মহিমাগঞ্জ, সোনাতলা, গাবতলী, বগুড়া সদর ও কাহালুসহ প্রায় ২০-২৫টি রেলস্টেশন আছে। এসব স্টেশন দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। এসব যাত্রীর কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ২০০৮ সালে এ পথে রামসাগর নামে একটি আন্তনগর ট্রেন চালু করে। অজ্ঞাত কারণে দুই বছর পর ট্রেনটি কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়। ২০১০ সালে জানুয়ারি মাসে এ পথে ৮১ আপ ও ৮২ ডাউন নামের লোকাল ট্রেনটি চালু করা হয়। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ ১৬ ডিসেম্বর থেকে এ ট্রেনটি বন্ধ করে দেয়।রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজার রহমান জানান, চালকসহ জনবল-সংকটের কারণে ট্রেনটি বন্ধ রাখা রয়েছে। তবে দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।