লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি সীমান্তে গতকাল বুধবার সকালে শ্যামাপূজা উপলক্ষে বসেছিল এপার-ওপার দুই বাংলার মানুষের মিলনমেলা। এ সময় ভারত ও বাংলাদেশের হাজার হাজার মানুষ তাঁদের আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করেন।দীর্ঘদিন পর সাক্ষাৎ হওয়ায় তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তবে সীমান্তের কাঁটাতারের বেড়ার জন্য তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরতে পারেননি। তবু বেড়ার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে একে অপরের হাত ধরার বা স্পর্শ করার চেষ্টা করেন অনেকেই। তাঁরা কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে খাবার, মিষ্টি, কাপড়সহ বিভিন্ন উপহারসামগ্রী আদান-প্রদান করেন। শ্যামাপূজা উপলক্ষে প্রতিবছর হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি ও ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার মীরাপাড়া সীমান্তে এ মিলনমেলা বসে। প্রায় দুই কিলোমিটারজুড়ে বেড়ার দুই পাশে ভোর পাঁচটায় শুরু হওয়া এ মিলনমেলা চলে সকাল ১০টা পর্যন্ত। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরাপত্তা জোরদার করে।