লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে বিজয় কুমার বর্মণ নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
এদিকে সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় আজ বিকেল চারটার দিকে বাংলাদেশের দুর্গাপুর সীমান্তের বিপরীতে ৯২৩ মেইন পিলারসংলগ্ন ভারতের জারীধরলা জিরো পয়েন্টে বাংলাদেশের মোগলহাট ও ভারতের সিঙ্গিমারী কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পরও ওই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ।
এ ঘটনায় আদিতমারীর দুর্গাপুর ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের একাধিক সূত্র জানায়, আদিতমারী উপজেলার মহিষতুলী গ্রামের রতনেশ্বর চন্দ্রের ছেলে গরু ব্যবসায়ী বিজয় চন্দ্র। আজ ভোরে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের চার নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে সীমান্তে যান তিনি। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ২১ বিএসএফ সিঙ্গিমারী ক্যাম্পের টহলরত সদস্যরা ওই যুবককে ধরে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান।
খবর পেয়ে দুর্গাপুর সীমান্তের বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ ভারতীয় ২১ সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে। দীর্ঘক্ষণ পরও বিজয়কে বিএসএফ ফেরত না দেওয়ায় ঘটনাটি লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে জানানো হয়।
পরে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে গরু আনার সময় বাংলাদেশি যুবক বিজয়কে ভারতের সিঙ্গিমারী বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছেন। তিনি বলেন, বিজয়কে ফেরত আনার ব্যাপারে ২১ বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হলে বিকেল চারটার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপত্তি না থাকলে আটক বাংলাদেশিকে দ্রুত ফেরত দেওয়া হবে।
এদিকে বিজয়ের বাবা রতনেশ্বর চন্দ্র দাবি করেন, ভারত থেকে গরু আনতে নয়, তাঁর ছেলে জারিধরলা নদীতে মাছ ধরতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে জোর করে টেনে বাংলাদেশ থেকে ভারতের ভেতর নিয়ে যান। তিনি অভিযোগ করেন, ভারতীয় সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পে বিজয়ের ওপর নির্যাতন চালানো হচ্ছে।