লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআরের করা মামলায় গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে। ওই ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২ অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে গতকাল এই মামলার বিচারকাজ শুরু হলো। আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের জের ধরে পর দিন লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিপথগামী কয়েকজন বিডিআর সদস্য বেআইনি কার্যক্রমে লিপ্ত হন। এ ঘটনায় লালমনিরহাট ব্যাটালিয়নের জেসিও সুবেদার মো. হাবিবুর রহমান ও সদর থানার তৎকালীন ওসি বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল দুপুর ১২টায় আদালতের কার্যক্রম শুরু হয়। তাঁকে সহযোগিতা করেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান, মেজর দীদার-আল-লতিফ ও এটর্নি জেনারেলের প্রতিনিধি গৌতম কুমার রায়। কৌঁসুলির দায়িত্ব পালন করেন লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসলাম হোসেন। তাঁকে সহযোগিতা করেন বিশেষ কৌঁসুলি গাজী জিল্লুর রহমান ও বেলায়েত হোসেন। লালমনিরহাট ব্যাটালিয়নের জেসিও সুবেদার মো. হাবিবুর রহমান ওই মামলার অভিযোগপত্র গতকাল আদালতে উপস্থাপন করেন। আদালত তা আমলে নিয়ে ২৪ আসামির সবাইকে গ্রেপ্তারের আদেশ দেন। এর মধ্যে ১৫ জন বিদ্রোহের ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসির করা মামলায় জেলা কারাগারে আটক রয়েছেন। এই ১৫ জন এবং কর্মরত আরও নয়জনকে হাবিবুর রহমানের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুর দেড়টায় আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। ২৪ আসামির উপস্থিতিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আদালতের কার্যক্রম আবার শুরু হবে।