লালমনিরহাটে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সেতু এলাকায় গত বৃহস্পতিবার একটি পিকআপে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: ঠাকুরগাঁও সুইপার কলোনির প্রশান্ত দাস (১৭), কুড়িগ্রামের উলিপুর উপজেলার কদমতলা গ্রামের মো. জায়েদ (১৭), পূর্ব আঠারো পাইকা গ্রামের মাইদুল ইসলাম (১৪) ও ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা গ্রামের গোবিন্দ দাস (২০)। সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, পিকআপের যাত্রী প্রশান্তের কাছ থেকে ওয়ান শ্যুটারগানটি উদ্ধার হয়। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদকালে সে জানায়, গাড়ির অপর দুজন যাত্রী জায়েদ এবং মাইদুল তাকে অস্ত্রটি রাখার জন্য দিয়েছিল। কিন্তু সদর থানায় জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অস্ত্রটি ওই দুই ছাত্রের নয়। সেটি গোবিন্দ দাস তাকে দিয়েছে। সদর থানার ওসি আরও জানান, অবৈধ অস্ত্র দখলে রাখার অভিযোগে গত শুক্রবার ওই চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।