লালমনিরহাটে আ.লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৯
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার ও হাঁড়িভাঙ্গা গ্রামে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় গতকাল কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে বিএনপি ও আওয়ামী লীগ তাদের সমর্থকদের দোকান, বাড়িঘরে হামলা ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত সাড়ে আটটায় পূর্ব ঘটনার জের ধরে বুড়িরবাজারের বিএনপির কর্মী নয়ন স্থানীয় ছাত্রলীগের কর্মী এনামুলকে মারধর করেন। এনামুলকে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে শুক্রবার রাতেই বুড়িরবাজার বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আসবাবে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে ওই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় তাঁদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত লালমনিরহাট-মহেন্দ্রনগর-বুড়িরবাজার-বড়বাড়ী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের আটটি শেল নিক্ষেপ করে। সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক রনিসহ উভয়পক্ষের কমপক্ষে নয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, গত শুক্রবার রাতে বিএনপির কার্যালয় ভাঙচুর ও শনিবার বিকেলে বিএনপির সমর্থকদের বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয়। তিনি বলেন, বিএনপি সদর উপজেলার বুড়িরবাজার গ্রামের আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তাদের হামলায় আহত মেহেদী হাসান ও এনামুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা সাতটায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে গতকাল বিকেলে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ বিনা উসকানিতে বিএনপির কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে। তারা বিএনপির সমর্থকদের দোকানপাট ও বাড়িতে হামলাসহ লুটপাট করেছে। তাদের হামলায় কমপক্ষে বিএনপির ৩০ জন সমর্থক নেতা-কর্মী আহত হয়েছেন। সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।