লালমনিরহাটে আ.লীগ কার্যালয়ে হামলা, জাপা নেতাকে মারধর
লালমনিরহাট সদর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন জাপা সভাপতিকে মারধর, আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুর এবং এক বিএনপি সমর্থকের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটেছে।
জেলা শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তত্ত্বাবধায়ক আকবর আলী জানান, রাত সোয়া আটটার দিকে দলের কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী সমর্থক কার্যালয়ে ঢুকে একটি চেয়ার ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেন। তাঁরা কার্যালয়ের আসবাব তছনছ করেছেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতির জন্য নির্ধারিত চেয়ারটি নিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে চলে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নজরুল হক পাটোয়ারী কার্যালয় ত্যাগ করার পরপরই তাঁর সমর্থক বলে পরিচিত নেতা-কর্মী সমর্থকেরা এ ঘটনা ঘটান। এ ব্যাপারে নজরুল হক পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। সদর আসনের সাংসদ আবু সালেহ্ মো. সাঈদ বলেন, দলের কয়েকজন নেতা বেইমানি করায় দল-সমর্থিত প্রার্থীর লজ্জাজনক হার হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দলের কিছু নেতা-কর্মী এ ঘটনা ঘটান।
সদর উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ৭৭ হাজার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম প্রামাণিক ৪১ হাজার ৫৯৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নজরুল হক পাটোয়ারী চার হাজার ৬৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই গ্রামে ইউনিয়ন জাপার সভাপতি শাহাবুল হক বিজয়ী বিএনপির সমর্থকদের পিটুনির শিকার হন। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে একই গ্রামের আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানেই তিনি হামলার শিকার হন। এ সময় সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। শাহাবুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।