বিডিআর বিদ্রোহ মামলায় লালমনিরহাটের ৩১ রাইফেলস ব্যাটালিয়নে অভিযুক্ত ২৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করা হবে। এদিকে গতকাল সোমবার কুড়িগ্রামে ২৭ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার শুরু হয়েছে।রায় ঘোষণা সামনে রেখে লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৩ দ্বিতীয় দফায় গত ৭, ৮ ও ৯ নভেম্বর ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় অভিযুক্ত ২৪ আসামির মধ্যে ১৭ জন নিজেদের দোষ স্বীকার করেন। অন্য সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সমর্থনে লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ করেন আসামিরা। এ ঘটনায় ২৪ জন বিডিআর সদস্যকে আসামি করে মামলা করেন লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের জেসিও সুবেদার হাবিবুর রহমান। আসামি ২৪ জনের সবাই জেলা কারাগারে আটক রয়েছেন।এ ব্যাপারে লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি নূর মোহাম্মদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ইতিমধ্যে রায় ঘোষণার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরের ৫০ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে। আদালত আসামিদের গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দেন। আদালতের কার্যক্রম আজ সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামিদের মধ্যে ৩৪ জনকে আগেই সদর থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। বাকি ১৬ জনকে গতকাল দুপুরে সদর দপ্তর থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।গতকাল সংবাদ ব্রিফিংয়ে ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রাজ্জাক তরফদার জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ এই বিদ্রোহ মামলার বিচারকাজ শুরু হয়। আদালতের নির্দেশে নায়েব সুবেদার মুন্সি মনোয়ার হোসেন ৫০ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আসামিদের বিরুদ্ধে অধিনায়কের নির্দেশ অমান্য, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ লুট করে গুলি ছুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। আদালত প্রসিকিউটর হিসেবে ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রাজ্জাক তরফদারকে নিয়োগ দিয়েছেন।ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সমর্থনে গত বছর ২৬ ফেব্রুয়ারি ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে বিডিআর জওয়ানেরা বিদ্রোহ করেন।বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, ঠাকুরগাঁওয়ের ২০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম এবং রংপুর সেক্টর সদর দপ্তরের কর্মকর্তা মেজর দিদার-আল-লতিফ। বিশেষ কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ও মোখলেছুর রহমান।