জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ঘোষণা করায় গতকাল সোমবার লালমনিরহাট শহরে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টি। এ ছাড়া দলের নেতা-কর্মীরা আনন্দে মিষ্টি বিতরণ করেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সোয়া চারটার দিকে শহরের বিডিআর রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিডিআর রোড, মোগলহাট রেলগেট, পুরান বাজার, রেলবাজার, গোশালা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দলের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর ঈমান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। পরে সেখানে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এস কে খাজা মঈন উদ্দিন বলেন, ‘দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গত রোববার তাঁর ছোট ভাই দলের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে তাঁর অবর্তমানে পার্টির চেয়ারম্যান ও বর্তমানে পার্টির কো-চেয়ারম্যান করায় আমরা তাঁকে সাধুবাদ জানাই। জি এম কাদের কখনো দলের সঙ্গে বেইমানি করেননি বা করবেন না বলে আমাদের সবার বিশ্বাস। তিনি দল ছেড়ে কখনো যাননি আর কখনো যাবেন না। কাদেরের কথা ও কাজে মিল আছে, তিনি সৎ ও সাহসী নেতা।’
এ ব্যাপারে জানতে চাইলে জি এম কাদের গতকাল বিকেল সোয়া চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বাংলাদেশ, গণতন্ত্র ও জাতীয় পার্টির যখন যে দায়িত্ব পাব, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব, পালন করে গিয়েছি। আমি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। দলের কো-চেয়ারম্যানের পদ দেওয়ার কথা ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান। যদি দায়িত্ব পাই আমি তার অমর্যাদা করব না।’