লালমনিরহাটে আশ্রয় নিয়েছে ভারতের ৮০০ বন্যাদুর্গত
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারটি গ্রামে ভারতের বন্যাদুর্গত আট শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। গত শনিবার সন্ধ্যার পর তারা পশ্চিমবঙ্গের দরিবস, জারিধরলা ও নগদতাড়ি গ্রাম থেকে এসেছে।
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ওই তিনটি গ্রাম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নঘেঁষা। ধরলা নদী ভারতের মূল ভূখণ্ড থেকে ওই তিন গ্রামকে বিচ্ছিন্ন করেছে। লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী ওকর্ণপুরএবং আদিতমারীর কামারপাড়াওচওড়াটারী গ্রামের বাসিন্দারা তাঁদের বাড়িঘরে এই ভারতীয়দের আশ্রয় দিয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘সীমান্তের ওপার থেকে আসা লোকজনকে এভাবে দেশে প্রবেশ করতে দেওয়ার সুযোগ নেই। তবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত ভারতীয়দের আশ্রয় দেওয়াটা আমাদের দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক দৃঢ় করবে।’ তিনি আরও বলেন, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে তারা যাতে ফেরত যায়, তা বিজিবিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর দেখা জরুরি।
আশ্রয় নেওয়া ভারতীয়দের একজন জারিধরলা গ্রামের অবস্থাপন্ন গৃহস্থ বসরউদ্দিন (৭০) আটটি গরু নিয়ে ধরলা নদী পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন মোগলহাটের চওড়াটারী গ্রামের ভুট্টা ব্যবসায়ী রিয়াজুল হকের (৪৪) চাতালে। জারিধরলা গ্রামের কৃষক সামিদুল হক (৩২) স্ত্রী নাছিমা বেগম, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে একই গ্রামের গোলেনুর বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
দুর্গাপুরের কামারপাড়ায় গতকাল কথা হয় জারিধরলা গ্রাম থেকে আসা আরজিনা বেগমের সঙ্গে। তাঁর সঙ্গে হাঁস-মুরগি ও একটি টিয়া পাখি দেখে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের যেমন জান আছে, ওদেরও জীবন আছে। তাই এ বিপদের সময় ওদের নিয়েই এখানে (বাংলাদেশে) এসেছি।’ কামারপাড়ার সুলতান মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া আমিদুল হক (৪৮) বলেন, জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দরিবস গ্রাম থেকে এখানে এসেছেন। তাঁর মতো আট শতাধিক মানুষ এপারে এসে আশ্রয় নিয়েছে।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ভারতের ওই গ্রামগুলোর পাঁচ-ছয় শ বিভিন্ন বয়সের মানুষ মোগলহাট ও দুর্গাপুরে আশ্রয় নিয়েছে বলে জেনেছেন। তারা যাতে পানি কমলেই ফিরে যায়, সে জন্য বিজিবির সদস্যদের খোঁজখবর রাখতে বলেছেন।