লালমনিরহাটে আসাদুল হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের নেতাকে (তারেক রহমান) জেল দিয়ে এখন মুচকি মুচকি হাসেন। খুব আরামে আছেন মনে করছেন, কিন্তু আরাম হারাম হবে। গত ১১ বছরে দেশের ৫ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করেছে? কারা অবৈধ রোজগার করে? একদিন শুধু ভোট চোর নয়, টাকা পাচারকারীদেরও বিচার হবে।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু গতকাল রোববার দুপুরে লালমনিরহাট শহরের বিডিআর রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে জেলা বিএনপি গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও ওই প্রতিবাদ সভার আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলেও পুলিশি বাধায় কিছু দূর গিয়ে ফিরে এসে ওই প্রতিবাদ সভা করে।
আসাদুল হাবিব আরও বলেন, ‘যেসব জঙ্গি ধরা পড়ে তাদের বিনা বিচারে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। কারণ, এই জঙ্গিরা নাকি সরকারের যে যোগসূত্র আছে সেটা বলবে এ জন্য তাদের বিচারের আগেই হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, গুলশান হত্যাকাণ্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা জড়িত ছিল। অথচ সব দোষ চাপানো হয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর। বিএনপির নেতা-কর্মীদের ঘর থেকে বের হতে দেন না। আমাদের প্রতিবাদ করার ক্ষমতা পর্যন্ত হরণ করা হয়েছে।’
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।