লালমনিরহাটে এক তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহর থেকে গতকাল রোববার শামিমা আক্তার নামের এক তরুণীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তরুণীর স্বামী জড়িত থাকতে পারেন।
শামিমা লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা পাড়ার মৃত কুদ্দুস মিয়ার মেয়ে। শামিমা রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান (অনার্স) শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
শামিমার বড় বোন কহিনুর বেগম বলেন, চলতি বছরের মে মাসে শামিমার সঙ্গে লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি এলাকার বাবুল হোসেনের ছেলে হাসান ইসলামের বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা না হওয়ায় শামিমা তাঁর মায়ের বাড়িতেই থাকতেন। কয়েক দিন আগে তাঁরা জানতে পারেন, হাসান আগেও একটি বিয়ে করেছেন। তাঁর একটি সন্তান আছে। এ নিয়ে হাসান ও শামিমার মধ্যে ঝগড়াও হতো। যদিও হাসান এ বিষয়টি তাঁদের কাছে স্বীকার করেননি।
কহিনুর বেগম আরও বলেন, শামিমা প্রতিদিন সকাল ছয়টার দিকে হাঁটতে বের হয়ে সাতটার মধ্যেই ফিরে আসেন। গতকালও তিনি ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। সাতটার পরও ফিরে না এলে তাঁরা আশপাশের এলাকায় ও বিভিন্ন বাড়িতে তাঁর খোঁজ নেন। একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে তাঁরা জানতে পারেন, শহরের রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয়-সংলগ্ন পুকুরে একটি লাশ দেখা যাচ্ছে। সেখানে গিয়ে তাঁরা দেখেন লাশটি শামিমার। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শামিমার লাশ বাড়িতে এনে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গতকাল বেলা ১১টার দিকে শামিমার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শামিমার পেটে ওড়না বাঁধা ছিল।
শামিমার মা রেনু বেগম অভিযোগ করে বলেন, শামিমাকে হত্যা করা হয়েছে। এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাসান জড়িত। শামিমার চাচা মজিবর রহমান বলেন, ঘটনাটি তাঁরা হাসান পরিবারের সদস্যদের জানিয়েছেন। কিন্তু তাঁরা কেউ শামিমার বাড়িতে যাননি।
এদিকে হাসানের কয়েকজন প্রতিবেশী বলেন, ঘটনার পর থেকে হাসান ও তাঁর পরিবারের সদস্যরা বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসান প্রথম আলোকে বলেন, গত ১০-১৫ দিন থেকে শামিমার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। বিয়ের পরে ব্যক্তিগত কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। তবে তা মারাত্মক কিছু ছিল না। শামিমার মারা যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শামিমার মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও পরে একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।