লালমনিরহাট জেলায় গত এক বছরে যক্ষ্মায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছরে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ৬২৮ জন নতুনভাবে এ রোগে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার লালমনিরহাটে অনুষ্ঠিত ‘ওরিয়েন্টেশন অব লোকাল জার্নালিস্ট অন টিবি রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।বেসরকারি সংস্থা সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) এ কর্মশালার আয়োজন করে। এটি আয়োজনে সহায়তা করে স্টপ টিবি পার্টনারশিপ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজ ও আরডিআরএসের কর্মকর্তা সাখাওয়াত হোসেন। সংস্থাটির লালমনিরহাটের সামাজিক স্বাস্থ্য ইউনিট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে লালমনিরহাট জেলার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব এবং দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এস এম আবু হাসনাতকে ফেলোশিপ দেওয়া হয়।