লালমনিরহাটে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম ইকবাল কবির (৩৫)। তাঁর ভাইয়ের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। অন্যদিকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন দাবি করছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে, লালমনিরহাট শহরের টিঅ্যান্ডটি সংলগ্ন এলাকায় ইকবালের বাসভবন থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি বছর দশেক আগে বিয়ে করে এই এলাকায় বসবাস করছেন। তাঁর স্ত্রীর নাম আরিফুন নাহার ওরফে রিক্তা। ইকবালের বাড়ি রংপুরের বদরগঞ্জের প্রফেসর পাড়ায়। ইকবালের বড় ভাই খাজা শাহরিয়ার শাহীন বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাঁকে মোবাইল ফোনে ইকবালের শ্বশুরবাড়ি থেকে মৃত্যুর সংবাদ জানানো হয়। এর দুদিন আগে জানানো হয়েছিল জেলার কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে ইকবাল। এ ঘটনায় তিনি মঙ্গলবার লালমনিরহাট সদর থানায় আরিফুন নাহার, তাঁর ভাই সাবু মিয়া ও বাবু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার জেলা মর্গে ময়নাতদন্ত শেষে ইকবালের লাশ তাঁর চাচা ও ভাইদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইকবালের শ্বশুর আনোয়ার হোসেন জানান, ইকবাল দুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। ইকবালের ডায়াবেটিস ছিল। এ কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি আর কিছু বলতে চাননি।