লালমনিরহাটে কর্মহীন শ্রমিক বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়লেও লালমনিরহাটের খেতমজুরদের অবস্থা খুব একটা বদলায়নি। তাই এ জেলায় কর্মহীন শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে। শ্রমের হাটে ভোররাত থেকে সকাল পর্যন্ত এই কর্মহীন শ্রমিকরা অপেক্ষা করে কেউ কাজ পাচ্ছেন, আবার কেউ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। লালমনিরহাট শহরের মিশন মোড়ে কামলারহাটে বিভিন্ন শ্রেণীর দিনমজুরের সঙ্গে কথা হয়। তাঁদের অভিযোগ, গত দুই-তিন বছরে মজুরি কিছুটা বাড়লেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাঁরা চাপ সামলাতে পারছেন না। সম্প্রতি মিশন মোড়ে শ্রমিকের হাটে গিয়ে দেখা যায়, কাজের সন্ধানে আসা মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে। তাঁদেরই একজন নূর হোসেন। কাঁধে চটের ব্যাগ, হাতে লাঠিসহ কাজের অন্যান্য উপকরণ। ৬০ বছর পেরোনোর আগেই বার্ধক্যের ভারে ন্যুয়ে পড়েছে শরীর। সোজা হয়ে হাঁটতেও কষ্ট হয়। তবু তাঁর কাজ চাই। খেতমজুরের কাজে যেতে পারেন না বলে বাঁশের কাজ করেন। কখনো কাজ জোটে, কখনো থাকতে হয় কর্মহীন।প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে শ্রমের হাটে এসেছেন আদিতমারীর সারপুকুর ইউনিয়নের সর্দারটারীর খাতের আলী। সকাল আটটা পর্যন্ত কাজ মেলেনি। দুই-তিন দিন তিনি এই হাট ঘুরে গেছেন। তিনি বলেন, অভাবের সময় কাজ একেবারেই থাকে না। ধারদেনা করে চলতে হয়।স্থানীয় লোকজন চাষাবাদ, ধান কাটা, বাড়িঘর মেরামতসহ বিভিন্ন কাজের জন্য এই হাট থেকেই শ্রমিকদের ডেকে নিয়ে যায়। হাটে আসা শ্রমিকেরা জানান, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জে শ্রমিকহাট থাকলেও জেলা সদরের এই হাটটি উত্তরের জেলাগুলোর মধ্যে অন্যতম। এখানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বলেই তাঁরা ছুটে আসেন। আদিতমারী সদরে শ্রমিকহাট বসে প্রতিদিন সকালে। কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছেন—এমন কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয় উপজেলার মহিষখোঁচা বাজারে। মালিটোলা গ্রামের আনোয়ার হোসেন, বারোঘরিয়ার ওসমান আলীসহ আরও অনেকে শ্রমিক তাঁদের দুরবস্থার কথা জানান। তাঁরা বলেন, ‘দৈনিক মজুরি আগের চেয়ে বাড়লেও আমরা তিন বেলা ঠিকভাবে ভাত খেতে পারি না।’ একই কথা বলেন সাপটিবাড়ীর কয়েকজন শ্রমিক।তিস্তা নদীর তীরে ভাঙনকবলিত এলাকা জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি চওড়াপাড়া গ্রাম। শনিবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল নারী শ্রমিকদের ভিড়। মাটি কাটার কাজ করছেন। তাঁরা জানান, এলাকায় নিয়মিত কাজ পাওয়া যায় না বলে তাঁদের পরিবারের পুরুষেরা বাইরের জেলায় কাজের খোঁজে বেরিয়েছেন। আনজু আরার স্বামী মোজাহার হোসেন বাইরে কাজে গেছেন ১৫ দিন আগে। রাশিদা বেগম জানান, তাঁর স্বামী মনসুর আলীও কাজের সন্ধানে বাইরের জেলায় গেছেন।শ্রমিকদের দুরবস্থার কথা উল্লেখ করে কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন বলেন, ধান কাটার মৌসুম ছাড়া অন্য সময় এলাকার শ্রমিকদের হাতে কাজ থাকে না। সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় সমস্যার শেষ নেই। শ্রমিকেরা তিন বেলা ভাতের জন্য কাজের খোঁজে শহরে যান।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের মজুরি আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে সব সময় কাজ না পাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাঁদের অনেক সমস্যা হচ্ছে। ধান কাটার মৌসুমে তাঁদের অবস্থা তুলনামূলক ভালো হলেও আশ্বিন-কার্তিকের অভাবের দিনে শ্রমিক পরিবারগুলোতে কষ্টের শেষ থাকে না। এ সময় অনেক শ্রমিক কাজের সন্ধানে শহরে ছুটে যান। অনেকে আবার নিয়মিত কাজ পাওয়ার জন্য ধান কাটা মৌসুমেও কাজের জন্য সিলেট অঞ্চলে যান।তবে শস্য বহুমুখীকরণের ফলে এ অঞ্চলে শ্রমিকদের কাজ বেড়েছে বলে দাবি করেন জেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম। তিনি বলেন, কাজ বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে। ১৬ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত বোরো ও রবি মৌসুমের কাজে ব্যস্ত থাকেন তাঁরা। বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত। জুলাই-আগস্ট দুই মাস তাঁরা রোপা আমনের কাজ করেন। তবে আশ্বিন-কার্তিক মাসে শ্রমিকদের হাতে কাজ একটু কমই থাকে।