লালমনিরহাটে কলেজছাত্রী ও নীলফামারীতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সদর উপজেলার শিবরাম এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নাসিমা বেগম সুজাতা (২১) নামের ডিগ্রির এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া নীলফামারীর ডোমার উপজেলায় গত শনিবার রাতে আবদুল কাদের (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নাসিমা বেগম লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার নুর ইসলামের মেয়ে। তিনি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাদের ডোমারের সোনারায় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও লালমনিরহাট সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা গতকাল দুপুরে বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে লালমনিরহাট সরকারি কলেজে ডিগ্রি ফাইনাল পরীক্ষা নিতে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকে বসে তিনি বই পড়তে পড়তে যাচ্ছিলেন। ইজিবাইকের ঝাঁকুনিতে বেলা পৌনে দুইটার দিকে তিনি শিবরাম এলাকায় পাকা রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকার লোকজন বাসটি জব্ধ করে।
সদর থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, পরিবার ও স্থানীয় গণ্যমান্যদের আবেদনে নাসিমার লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ডোমার থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাইকেলে করে গত শনিবার রাতে বাড়ি ফিরছিলেন কাদের। তিনি উপজেলার কৃষি ফার্ম সড়কের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকায় রাত নয়টার দিকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ট্রাকটি জব্ধ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।